back to top

ফখরুল ইসলামকে সভাপতি করে মিঠানালা রামদয়াল উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটি অনুমোদন

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ১৬ জুন, ২০২৬ ১৩:২১
[photo_card_and_fontsize]

মিরসরাই উপজেলার ঐতিহ্যবাহী মিঠানালা রামদয়াল উচ্চ বিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রম পরিচালনার জন্য চার সদস্যের এডহক কমিটি অনুমোদন দিয়েছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, চট্টগ্রাম। নবগঠিত কমিটির সভাপতি মনোনীত হয়েছেন বিশিষ্ট সমাজসেবক মো. ফখরুল ইসলাম।

গত ১৪ জুন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, চট্টগ্রামের বিদ্যালয় পরিদর্শক অধ্যাপক মো. আবুল কাসেম স্বাক্ষরিত এক পত্রে এ কমিটির অনুমোদন দেওয়া হয়। বোর্ডের প্রবিধানমালা-২০২৪ অনুযায়ী গঠিত এ কমিটি অনুমোদনের তারিখ থেকে ছয় মাসের জন্য কার্যকর থাকবে।
অনুমোদিত কমিটিতে সভাপতি হিসেবে রয়েছেন মো. ফখরুল ইসলাম। শিক্ষক প্রতিনিধি সদস্য হিসেবে মনোনীত হয়েছেন মো. গোলাম আজম এবং অভিভাবক প্রতিনিধি সদস্য হিসেবে দায়িত্ব পেয়েছেন কাজী গোলাম মোস্তফা। বিদ্যালয়ের প্রধান শিক্ষক পদাধিকারবলে সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন।
বোর্ডের অনুমোদনপত্রে বলা হয়েছে, প্রবিধানমালা-২০২৪ এর বিধান অনুযায়ী এডহক কমিটি ম্যানেজিং কমিটির সকল ক্ষমতা প্রয়োগ ও দায়িত্ব পালন করতে পারবে। তবে শিক্ষা মন্ত্রণালয়ের বিদ্যমান নির্দেশনা অনুযায়ী এ কমিটি শিক্ষক-কর্মচারী নিয়োগ কার্যক্রম সম্পন্ন করতে পারবে না।
নবনিযুক্ত সভাপতি মো. ফখরুল ইসলাম বলেন, “বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রমের মানোন্নয়ন, শৃঙ্খলা রক্ষা এবং সার্বিক উন্নয়নে আমরা আন্তরিকভাবে কাজ করব। শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও এলাকার সর্বস্তরের মানুষের সহযোগিতায় বিদ্যালয়কে আরও এগিয়ে নেওয়ার চেষ্টা থাকবে।”
তিনি আরও বলেন, “শিক্ষার্থীদের জন্য একটি আধুনিক ও সুন্দর শিক্ষার পরিবেশ নিশ্চিত করার পাশাপাশি সহশিক্ষা কার্যক্রম জোরদার করা হবে। স্বচ্ছতা ও জবাবদিহিতার ভিত্তিতে বিদ্যালয়ের উন্নয়নে কাজ করাই আমাদের প্রধান লক্ষ্য।”