বান্দরবানের লামা পৌরসভাকে একটি পরিকল্পিত ও আধুনিক নগরী হিসেবে গড়ে তোলার লক্ষ্যে ২০২৬-২০২৭ অর্থবছরের জন্য ১১ কোটি ২৩ লাখ ৩ হাজার ৬১৩ টাকার বাজেট ঘোষণা করা হয়েছে। একই সঙ্গে ২০২৫-২০২৬ অর্থবছরের সংশোধিত বাজেটও উপস্থাপন করা হয়।
বৃহস্পতিবার (২৫ জুন) দুপুরে লামা পৌরসভা মিলনায়তনে আয়োজিত বাজেট ঘোষণা অনুষ্ঠানে পৌরসভার প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মঈন উদ্দিন আনুষ্ঠানিকভাবে এ বাজেট ঘোষণা করেন।
ঘোষিত বাজেটে রাজস্ব আয় ধরা হয়েছে ২ কোটি ৩৩ লাখ ৬৩ হাজার ৭২২ টাকা এবং রাজস্ব ব্যয় নির্ধারণ করা হয়েছে ২ কোটি ১৯ লাখ ৩০ হাজার টাকা। এ হিসাবে সমাপনী স্থিতি থাকবে ১৪ লাখ ৩৩ হাজার ৭২২ টাকা।
রাজস্ব ব্যয়ের উল্লেখযোগ্য খাতগুলোর মধ্যে সাধারণ সংস্থাপন বাবদ ১ কোটি ৬৮ লাখ ৬০ হাজার টাকা, স্বাস্থ্য ও পয়ঃপ্রণালী খাতে ২৫ লাখ ২০ হাজার টাকা এবং শিক্ষা খাতে ২ লাখ টাকা বরাদ্দ রাখা হয়েছে। এছাড়া পানি সরবরাহসহ বিভিন্ন জনসেবামূলক খাতেও অর্থ বরাদ্দ রাখা হয়েছে।
উন্নয়ন খাতে আয় ও ব্যয় উভয়ই ধরা হয়েছে ৮ কোটি ৭০ লাখ টাকা। এ খাতে সরকারি উন্নয়ন সহায়তা মঞ্জুরি ১ কোটি টাকা, কোভিড-১৯ রিকভারি প্রকল্পে ৩ কোটি টাকা, জলবায়ু পরিবর্তন ট্রাস্ট ফান্ড থেকে ৫০ লাখ টাকা, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় থেকে ৫০ লাখ টাকা, বিশেষ উন্নয়ন বরাদ্দ ২০ লাখ টাকা, পৌর ভবন সম্প্রসারণে ৫০ লাখ টাকা এবং গুরুত্বপূর্ণ নগর অবকাঠামো উন্নয়ন প্রকল্পে ৩ কোটি টাকা আয় ধরা হয়েছে।
অন্যদিকে উন্নয়ন ব্যয়ের মধ্যে অবকাঠামো উন্নয়নে ৫ কোটি ৪০ লাখ টাকা, পৌর ভবন সম্প্রসারণ, স্টাফ ডরমেটরি, বাউন্ডারি ওয়াল ও মার্কেট নির্মাণে ১ কোটি ৩০ লাখ টাকা এবং অন্যান্য উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে ১ কোটি ৫৫ লাখ টাকা বরাদ্দ রাখা হয়েছে।
অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে পৌর প্রশাসক মো. মঈন উদ্দিন বলেন, “পৌরবাসীকে উন্নত নাগরিক সুবিধা প্রদান এবং একটি পরিকল্পিত ও আধুনিক পৌরসভা গড়ে তোলাই আমাদের প্রধান লক্ষ্য। স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করে বাজেটের যথাযথ বাস্তবায়নের মাধ্যমে লামা পৌরসভার কাঙ্ক্ষিত উন্নয়ন সাধন করা হবে।”
তিনি বাজেট বাস্তবায়নে সংশ্লিষ্ট মন্ত্রণালয়, জনপ্রতিনিধি এবং পৌরবাসীর সার্বিক সহযোগিতা কামনা করেন।
বাজেট ঘোষণা অনুষ্ঠানে পৌর প্রশাসককে সহায়তা প্রদান কমিটির সদস্যবৃন্দ, পৌরসভার কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন। সভায় পৌরসভার সার্বিক উন্নয়ন বিষয়ে বিভিন্ন গঠনমূলক মতামত ও পরামর্শ তুলে ধরা হয়।
লামা পৌরসভার ১১ কোটি ২৩ লাখ টাকার বাজেট ঘোষণা
নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ২৫ জুন, ২০২৬ ১৪:০৪
[photo_card_and_fontsize]
