কক্সবাজারের চকরিয়া উপজেলার বরইতলি ইউনিয়নের বন্যাকবলিত অসহায় পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, এমপি।
মঙ্গলবার (১৪ জুলাই) বিকাল ২টায় অনুষ্ঠিত এ ত্রাণ বিতরণ কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেন, “সরকার শুধু ত্রাণ বিতরণেই সীমাবদ্ধ থাকবে না, বন্যায় যাদের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে তাদের পুনর্বাসনের ব্যবস্থাও করা হবে।”
তিনি আরও বলেন, বন্যাকবলিত মানুষের পাশে সরকার সবসময় রয়েছে। দুর্গত এলাকায় নিয়মিত ত্রাণ কার্যক্রম পরিচালনা করা হচ্ছে এবং উপজেলা প্রশাসন ও জেলা প্রশাসনের মাধ্যমে ক্ষতিগ্রস্ত মানুষের কাছে প্রয়োজনীয় সহায়তা পৌঁছে দেওয়া হচ্ছে।
ত্রাণ বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কক্সবাজার জেলা প্রশাসক আব্দুল মান্নান, কক্সবাজার জেলা পুলিশ সুপার সাজেদুর রহমান, চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীন দেলোয়ার, চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আরিফুর রহমান চকরিয়া পৌরসভা বিএনপির সাধারণ সম্পাদক আবদুর রহিম, চকরিয়া উপজেলা বিএনপির সহ-সভাপতি ও সাবেক চেয়ারম্যান জালাল উদ্দিন সিকদার, বরইতলি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ ছালেকুজ্জমান, বরইতলি ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি শাহীন মুরাদ এবং বরইতলি ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মঈনুল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
ত্রাণ বিতরণ শেষে প্রতিমন্ত্রী বন্যাদুর্গত মানুষের খোঁজখবর নেন এবং তাদের দুর্ভোগ দ্রুত লাঘবে সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় সব ধরনের সহায়তা অব্যাহত থাকবে বলে আশ্বাস দেন।
