চট্টগ্রামের বাঁশখালীতে টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে সৃষ্ট বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়েছে দুর্যোগ ব্যবস্থাপনা সমিতি সংস্থা (ওডিএমএস)। টানা তিন দিন ধরে সংগঠনটি দুর্গত এলাকায় ত্রাণ ও মানবিক সহায়তা কার্যক্রম পরিচালনা করছে।
আজ বুধবার (১৫ জুলাই) সকালে উপজেলার বাহারছড়া, চাম্বল ও বাণীগ্রামসহ সবচেয়ে ক্ষতিগ্রস্ত এলাকায় শতাধিক বন্যাদুর্গত পরিবারের মধ্যে চাল, ডাল, শুকনো খাবার, নগদ অর্থ ও প্রয়োজনীয় নিত্যপণ্য বিতরণ করা হয়।
সংগঠনটির স্বেচ্ছাসেবীরা জানান, অনেক এলাকায় সড়ক যোগাযোগ ব্যাহত থাকায় বিকল্প পথ ব্যবহার করে দুর্গত মানুষের কাছে ত্রাণসামগ্রী পৌঁছে দেওয়া হয়েছে। শুধু ত্রাণ বিতরণই নয়, তারা প্রতিটি পরিবারের খোঁজখবর নিয়েছেন, প্রয়োজনের তথ্য সংগ্রহ করেছেন এবং ভবিষ্যতে আরও সহায়তা দেওয়ার আশ্বাস দিয়েছেন।
ওডিএমএসের প্রধান নির্বাহী এম আর চৌধুরী মিল্টন বলেন, দুর্যোগের সময় মানুষের পাশে দাঁড়ানো শুধু সামাজিক দায়িত্ব নয়, এটি মানবিক কর্তব্যও। বন্যার কারণে অনেক পরিবার কর্মহীন হয়ে পড়েছে। অনেকের ঘরবাড়ি ও নিত্যপ্রয়োজনীয় সামগ্রী ক্ষতিগ্রস্ত হয়েছে। পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক না হওয়া পর্যন্ত আমাদের সামর্থ্য অনুযায়ী ত্রাণ ও সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে।
ত্রাণ বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন ওডিএমএসের প্রধান নির্বাহী এম আর চৌধুরী মিল্টন, সমাজসেবক জামশেদ মোহাম্মদ, ম্যানেজার তুহিন মোল্লা, রিসার্চ অফিসার লিয়ন হাসান, রিসার্চ অ্যাসিস্ট্যান্ট ওমর হাসনাত সিদ্দিক তন্ময়, নাফিয মাহমুদসহ সংগঠনটির অন্যান্য স্বেচ্ছাসেবীরা।
