back to top

বয়লার পরিচারকদের সনদ বাতিলে নিষেধাজ্ঞা বহাল, হাইকোর্টের স্থিতাবস্থা আরও ৬ মাস বৃদ্ধি

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ১৫ জুলাই, ২০২৬ ১৩:৩২
[photo_card_and_fontsize]

বয়লার আইন, ২০২২-এর ১২ ধারা চ্যালেঞ্জ করে দায়ের করা রিট মামলায় হাইকোর্টের দেওয়া স্থিতাবস্থা আরও ছয় মাসের জন্য বহাল রাখা হয়েছে। ফলে মামলার চূড়ান্ত নিষ্পত্তি না হওয়া পর্যন্ত বয়লার পরিচারকদের সনদ, পদমর্যাদা ও চাকরির বিষয়ে কোনো ধরনের প্রশাসনিক সিদ্ধান্ত না নেওয়ার আহ্বান জানিয়েছে সংগঠনটি।

বুধবার ১৫ জুলাই সংগঠনের পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করে বলা হয় বয়লার আইন, ২০২২-এর ১২ ধারার বৈধতা চ্যালেঞ্জ করে ২০২২ সালে হাইকোর্টে রিট পিটিশন নং-১০২৪৩/২০২২ দায়ের করা হয়। এতে বাংলাদেশ বয়লার পরিচারক কল্যাণ এসোসিয়েশনের তৎকালীন কার্যকরী সভাপতি মো. শহিদুল ইসলাম মিলন ভূঁইয়া আবেদনটি করেন। সংগঠনের পক্ষে মামলা পরিচালনা করছেন সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট মো. সাইফুর রহমান।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, রিট আবেদনের আগে ২০২২ সালের ৩ জুন জাতীয় প্রেসক্লাবের সামনে দেশের বিভিন্ন অঞ্চলের বয়লার পরিচারকদের অংশগ্রহণে মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে সাবেক শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়াসহ বিভিন্ন বিশিষ্ট ব্যক্তি বয়লার পরিচারকদের ন্যায্য দাবির প্রতি সমর্থন জানান।
মামলার তথ্য অনুযায়ী, ২০২৩ সালের ২ এপ্রিল প্রথম শুনানিতে এক বছরের জন্য স্থিতাবস্থা দেওয়া হয়। পরে ২০২৪ সালের ২২ এপ্রিল তা ২২ এপ্রিল ২০২৫ পর্যন্ত বাড়ানো হয়। ২০২৫ সালের ১৫ মে পুনরায় ছয় মাস এবং ২০২৬ সালের ৮ জানুয়ারি আরও ছয় মাস সময় বৃদ্ধি করা হয়। সর্বশেষ ২০২৬ সালের ৬ জুলাই বিচারপতি আহমেদ সোহেল ও বিচারপতি ফাতেমা আনোয়ার সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ পূর্বের আদেশের ধারাবাহিকতায় স্থিতাবস্থার মেয়াদ আরও ছয় মাস বৃদ্ধি করেন।

বাংলাদেশ বয়লার পরিচারক কল্যাণ এসোসিয়েশন দেশের সব শিল্পপ্রতিষ্ঠান, কারখানা মালিক, মানবসম্পদ (এইচআর) বিভাগ এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছে, মামলাটি বিচারাধীন থাকায় আদালতের চূড়ান্ত রায় না হওয়া পর্যন্ত বয়লার পরিচারকদের সনদ, পদমর্যাদা ও চাকরির বিষয়ে কোনো ধরনের বৈষম্যমূলক বা প্রশাসনিক পদক্ষেপ গ্রহণ থেকে বিরত থাকতে। একই সঙ্গে সংগঠনটি আদালতের নির্দেশনা ও আইনের প্রতি যথাযথ সম্মান প্রদর্শনেরও আহ্বান জানিয়েছে।