back to top

গিয়াস উদ্দিন কাদের চৌধুরী এমপি সংবর্ধিত

প্রকাশিত: ২১ জুলাই, ২০২৬ ১৮:০৭
[photo_card_and_fontsize]

রাউজান থেকে নির্বাচিত সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান আলহাজ্ব গিয়াস উদ্দিন কাদের চৌধুরীকে বিজিএইচ হাসপাতালে সংবর্ধনা দেওয়া হয়েছে।

সম্প্রতি পাহাড়তলী চৌমুহনীর হাজী মকবুল টাওয়ারে অবস্থিত বিজিএইচ হাসপাতালে আয়োজিত অনুষ্ঠানে হাসপাতালের পরিচালনা পর্ষদ, চিকিৎসক, কর্মকর্তা-কর্মচারী ও আমন্ত্রিত অতিথিরা তাঁকে ফুলেল শুভেচ্ছায় বরণ করে নেন।
এর আগে সংসদ সদস্য হাসপাতালের প্রসূতি বিভাগ, ডায়ালাইসিস ইউনিট, শিশু বিভাগসহ বিভিন্ন চিকিৎসাসেবা কার্যক্রম পরিদর্শন করেন এবং চিকিৎসক, স্বাস্থ্যকর্মী ও রোগীদের সঙ্গে কথা বলেন। এ সময় তিনি হাসপাতালের চিকিৎসাসেবার মান ও পরিচ্ছন্ন পরিবেশের প্রশংসা করেন।
পরে অনুষ্ঠিত সংবর্ধনা সভায় গিয়াস উদ্দিন কাদের চৌধুরীকে বিজিএইচ হাসপাতালের প্রধান উপদেষ্টা হিসেবে সম্মানিত করা হয়। সভায় তিনি রাউজানসহ আশপাশের মানুষের জন্য সুলভ ব্যয়ে উন্নত রোগ নির্ণয়ের লক্ষ্যে আধুনিক প্রযুক্তিনির্ভর ডায়াগনস্টিক সেন্টার চালুর আহ্বান জানান এবং এ উদ্যোগে ব্যক্তিগতভাবে সহযোগিতার আশ্বাস দেন।
বিজিএইচ হাসপাতালের চেয়ারম্যান ভদন্ত শাসন রক্ষিত মহাথেরোর সভাপতিত্বে অনুষ্ঠানে অধ্যাপক ডা. প্রভাত চন্দ্র বড়ুয়া, নুরুল হুদা, ফিরোজ আহমেদ, হাবিবউল্লাহ মাস্টার, রাউজান থানার ওসি সাইফুল ইসলামসহ রাজনৈতিক, সামাজিক ও ধর্মীয় সংগঠনের নেতৃবৃন্দ, চিকিৎসক, কর্মকর্তা-কর্মচারী ও সুধীজন উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে বিজিএইচ হাসপাতাল পরিবারের পক্ষ থেকে সংসদ সদস্য গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়। পরে তিনি হাসপাতালের পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন।