বেসরকারি উন্নয়ন সংস্থা সেন্টার ফর ডেভেলপমেন্ট ইনোভেশন অ্যান্ড প্র্যাকটিসেস (সিদীপ)-এর উদ্যোগে সম্প্রতি বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে বিতরণের জন্য মিরসরাই উপজেলা প্রশাসনের কাছে ৫০০ ব্যাগ শুকনা খাদ্যসামগ্রী হস্তান্তর করা হয়েছে।
সোমবার সকাল ১১টায় উপজেলা পরিষদ কমপ্লেক্স ভবনে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সোমাইয়া আক্তার আনুষ্ঠানিকভাবে ত্রাণসামগ্রী গ্রহণ করেন। এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) আলাউদ্দীন কাদের এবং উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ ইসমাইল।
সিদীপের পক্ষে ত্রাণসামগ্রী হস্তান্তর করেন চট্টগ্রাম জোনের জোনাল ম্যানেজার মো. রশিদুল ইসলাম। এ সময় আরও উপস্থিত ছিলেন এরিয়া ম্যানেজার মো. হুমায়ুন কবির, মিরসরাই শাখার ব্রাঞ্চ ম্যানেজার মো. বাছির উদ্দীনসহ সংস্থাটির অন্যান্য কর্মকর্তারা।
এসময় উপস্থিত দুস্থ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার সোমাইয়া আক্তার।
উপজেলা নির্বাহী অফিসার সোমাইয়া আক্তার বলেন, আমাদের মিরসরাইয়ে এবারের বন্যায় দক্ষিনাঞ্চলের মতো ক্ষয়ক্ষতি হয়নি। এ জন্য আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি। যারা ক্ষতিগ্রস্ত হয়েছে আমরা ক্ষতিগ্রস্তদের সহায়তা দিয়েছি। সিদীপ আমাদের ৫০০ ব্যাগ শুকনো খাদ্য সামগ্রী দিয়েছে, এ জন্য তাদের ধন্যবাদ জানাই।

প্রতিটি খাদ্য প্যাকেজে ছিল ৫ কেজি চাল, ১ কেজি ডাল, ১ কেজি চিনি, ১ লিটার সয়াবিন তেল, ১ কেজি চিড়া, ৫০০ গ্রাম লবণ, ৫০০ গ্রাম সুজি, হ্যালো ট্যাব, দইয়ের স্টার্টার (দই পাতা), এসএমসি ওরস্যালাইনের একটি বক্স এবং একটি প্যাকেজিং ব্যাগ।
অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা ও প্রিন্ট ইলেকট্রনিকস মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
