চট্টগ্রামের মিরসরাই উপজেলার ধুম ইউনিয়নের দক্ষিণ মোবারকঘোনা এলাকায় আনোয়ারা বেগম জামে মসজিদের উদ্বোধন করা হয়েছে।

শুক্রবার (১৩ আগস্ট) জুমার নামাজের মাধ্যমে ধুম ইউনিয়নে আনোয়ারা বেগম জামে মসজিদ উদ্বোধন করা হয়েছে। উদ্বোধন করেন জামিয়া ইসলামিয়া পটিয়ার শাইখুল হাদিস ও প্রধান মুফতি আল্লামা শামসুদ্দিন জিয়া হাফিজাহুল্লাহ।
মসজিদটির প্রতিষ্ঠাতা বিশিষ্ট সমাজসেবক ও ‘শেষ বিদায়ের বন্ধু’ সংগঠনের সভাপতি কামরুল ইসলাম চৌধুরী। উদ্বোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আল্লামা শামসুদ্দিন জিয়া হাফিজাহুল্লাহ ধর্মীয় ও নৈতিক মূল্যবোধের ওপর গুরুত্বারোপ করে গুরুত্বপূর্ণ আলোচনা করেন।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন সাবেক অতিরিক্ত সচিব নুরুল আলম নিজামী, মিরসরাই শিক্ষা উন্নয়ন সোসাইটির সভাপতি মির্জা জসিম উদ্দিন, বারইয়ারহাট বিএম হাসপাতালের ভাইস চেয়ারম্যান আবদুল গফুর, মিরসরাই প্রেসক্লাবের সাবেক সভাপতি নুরুল আলম, বিশিষ্ট সমাজসেবক আলী হায়দার টিপু, শান্তিনীড়ের সভাপতি নিজাম উদ্দীন প্রমুখ।

এ সময় উপস্থিত ছিলেন আল্লামা মুফতি মুস্তাকুন্নবী কাসেমী হাফিজাহুল্লাহসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা। পবিত্র জুমার নামাজ শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনায় দোয়া ও মোনাজাত করা হয়।
মসজিদ নির্মাণে অবদান রাখায় এলাকাবাসী কামরুল ইসলাম চৌধুরীর প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।
নিজের বক্তব্যে কামরুল ইসলাম চৌধুরী বলেন, ‘মসজিদ নির্মাণ করা হয়েছে আল্লাহর সন্তুষ্টির জন্য। কে কী দিয়ে সহযোগিতা করেছেন, সেটি মুখ্য বিষয় নয়। এই মসজিদ এলাকাবাসীর জন্য। মসজিদটি সুষ্ঠুভাবে পরিচালনার জন্য কমিটি প্রয়োজনীয় সিদ্ধান্ত নেবে।’

তিনি বলেন, পর্যায়ক্রমে মসজিদের পাশে কারিগরি শিক্ষা, নারী শিক্ষা ও আধুনিক ইসলামী শিক্ষার প্রসারে একটি ট্রাস্ট গঠনের মাধ্যমে উদ্যোগ নেওয়া হবে। এ কাজে তিনি এলাকাবাসীর সহযোগিতা কামনা করেন।
সাবেক অতিরিক্ত সচিব নুরুল আলম নিজামী বলেন, মসজিদ শুধু নামাজ আদায়ের স্থান নয়; ধর্মীয় শিক্ষার পাশাপাশি সমাজ গঠন ও আদর্শ মানুষ তৈরিতেও মসজিদকে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা মসজিদকে কেন্দ্র করে ধর্মীয় শিক্ষা, নৈতিকতা ও সামাজিক উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনার ওপর গুরুত্বারোপ করেন।
