back to top

জোরারগঞ্জে ১১টি চোরাই স্মার্টফোন উদ্ধার, গ্রেপ্তার ৩

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ২৬ আগস্ট, ২০২৬ ১৬:০৬
[photo_card_and_fontsize]

চট্টগ্রামের জোরারগঞ্জে অভিযান চালিয়ে বিভিন্ন মডেলের ১১টি চোরাই স্মার্টফোন উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় চোরাই মোবাইল ফোন ক্রয়-বিক্রয়কারী সিন্ডিকেটের তিন সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।

বুধবার (২৬ আগস্ট) বিকেলে জোরারগঞ্জ থানার বারইয়ারহাট পৌরসভার কমফোর্ট হাসপাতালের সামনে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে অস্থায়ী চেকপোস্ট বসিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—জোরারগঞ্জের করেরহাট ইউনিয়নের সামনেরখীল এলাকার মৃত নুরুর সোবাহানের ছেলে মো. জসিম উদ্দিন (৪৫), সিলেটের গোলাপগঞ্জের বাদে বাসা এলাকার হাবিবুর রহমানের ছেলে মো. জাকির হোসেন (২৮) এবং কিশোরগঞ্জের মিঠামইন থানার চারগ্রাম-গুলাটি এলাকার সোলেমান মিয়ার ছেলে মো. সুজাত মিয়া।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে খবর পাওয়া যায়, তিন ব্যক্তি চট্টগ্রাম থেকে এডিএম পাবলিক বাসযোগে ফেনীর দিকে চোরাই মোবাইল ফোন নিয়ে যাচ্ছেন। পরে জোরারগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আব্দুল হালিমের নেতৃত্বে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ১১টি চোরাই স্মার্টফোন উদ্ধার করা হয়।
জোরারগঞ্জ থানার অফিসার ইনচার্জ ওসি আবদুল হালিম জানান, এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।