back to top

মিরসরাইয়ে ১৬টি মোবাইলসহ চোরাই মোবাইল চক্রের সদস্য গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ২৭ আগস্ট, ২০২৬ ১০:১২
[photo_card_and_fontsize]

চট্টগ্রামের মিরসরাইয়ে অভিযান চালিয়ে বিভিন্ন মডেলের ১৬টি চোরাই মোবাইল ফোন উদ্ধার করেছে পুলিশ। অভিযানে চোরাই মোবাইল ক্রয়-বিক্রয় চক্রের এক সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তারকৃত ব্যক্তির নাম মো. ছাদেক (৩৮)। তিনি সিলেট জেলার শাহপরান (রহ.) থানার হতুরা চুয়াবহর বটেশ্বর এলাকার মো. কুতুব আলীর ছেলে।


বুধবার (২৬ আগস্ট) রাত ১২টার দিকে মিরসরাই পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের পশ্চিম পাশে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকামুখী লেনে চেকপোস্ট বসিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
জিজ্ঞাসাবাদে ছাদেক দীর্ঘদিন ধরে একটি সংঘবদ্ধ চক্রের সঙ্গে অবৈধভাবে চোরাই মোবাইল ক্রয়-বিক্রয় করে আসার কথা স্বীকার করেছে।
মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদা ইয়াসমিন বলেন, চোরাই মোবাইল ক্রয়-বিক্রয় ও ছিনতাই চক্রের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত রয়েছে। প্রযুক্তিনির্ভর তথ্য ও গোয়েন্দা তৎপরতার মাধ্যমে চক্রের সঙ্গে জড়িতদের শনাক্ত করা হচ্ছে।
গ্রেপ্তার ছাদেকের কাছ থেকে উদ্ধার হওয়া মোবাইলগুলোর বিষয়ে তদন্ত চলছে। এই চক্রের মূল হোতাসহ জড়িত সবাইকে আইনের আওতায় আনা হবে।
চোরাই মোবাইলসহ বিভিন্ন অপরাধ দমনে গোয়েন্দা তৎপরতা, প্রযুক্তিনির্ভর তথ্য বিশ্লেষণ, নিয়মিত অভিযান ও চেকপোস্ট কার্যক্রম অব্যাহত থাকবে বলেও জানিয়েছে মিরসরাই থানা পুলিশ।