back to top

মিরসরাইয়ে সাংবাদিক কামরুলের উপর দুর্বৃত্তদের হামলা, থানায় এজাহার দায়ের

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ০৩ সেপ্টেম্বর, ২০২৬ ১৫:২৭
[photo_card_and_fontsize]

মিরসরাইয়ের করেরহাট ইউনিয়নে বাড়ি ফেরার পথে রাতের অন্ধকারে স্থানীয় সাংবাদিক কামরুল ইসলামের (৩০) ওপর দুর্বৃত্তদের অতর্কিত হামলার ঘটনা ঘটেছে। বুধবার (২ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার করেরহাট ইউনিয়নের  লক্ষিছড়া এলাকায় এ হামলার ঘটনা ঘটে।

হামলার শিকার কামরুল বেসরকারি টেলিভিশন চ্যানেল মোহনা টিভির মিরসরাই উপজেলা প্রতিনিধি হিসেবে কর্মরত।

কামরুল ইসলাম জানান , রাতের অন্ধকারে দুর্বৃত্তরা তাকে টার্গেট করে পথরোধ করে হামলা চালায়। এ সময়   তাঁর একটি স্মার্টফোন ও নগদ টাকা ছিনিয়ে নেয়। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে বারইয়াহাট বিএম হাসপাতালে ভর্তি করেন। পরবর্তীতে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্থানান্তর করে। সেখানে তাকে চিকিৎসা দেওয়া হচ্ছে। সেখানে হামলার ঘটনা এবং চিকিৎসার খোঁজ খবর নিতে যান মিরসরাই উপজেলা নির্বাহী অফিসার সোমাইয়া আক্তার, মিরসরাই উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব গাজি নিজাম উদ্দিন ও জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হালিম সহ স্থানীয় সাংবাদিক বৃন্দ। এসময়  তারা কামরুলের দ্রুত সুস্থতা কামনা করেন এবং হামলাকারীদের’ দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন।

আহত সাংবাদিক কামরুল ইসলাম অভিযোগ করে বলেন, মাদকের বিরুদ্ধে সংবাদ প্রচারের জেরে ইউনিয়ন যুবদলের সাবেক সদস্য সচিব ফজলুল মুরাদ হোসেনের নেতৃত্বে তাঁর ওপর হামলা হয়েছে। এবিষয়ে জোরারগঞ্জ থানায় একটি এজাহার দায়ের করেছি।

জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হালিম জানান, হামলার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশের একটি টিম পাঠানো হয়েছে, বিএম হাসপাতালে তাকে দেখে এসেছি, এবিষয়ে এজাহার দায়ের করা হয়েছে এবং বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।