পবিত্র মহান ঈদে মিলাদুন্নবী (স.) উপলক্ষে মিরসরাইয়ের জোরারগঞ্জের মস্তাননগর যুবসমাজ ও এলাকাবাসীর উদ্যোগে ওয়াজ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) বায়তুল আমান জামে মসজিদ প্রাঙ্গণে দিনব্যাপী এ আয়োজন খতমে কুরআনের মধ্য দিয়ে শুরু হয়।
বিকেলে ইসলামি সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয় এবং রাতে ওলামায়ে কেরামদের আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
বায়তুল আমান জামে মসজিদ পরিচালনা কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা হাজী ইউনুস মিয়ার সভাপতিত্বে এবং মাহফিল পরিচালনা কমিটির সভাপতি সাখাওয়াত সাকিবের সঞ্চালনায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন হাটহাজারী গাউসুল আজম শাহী জামে মসজিদের খতিব মাওলানা নাঈম রেজা আল কাদেরী। এসময় উপস্থিত ছিলেন জোরারগঞ্জ ইউনিয়ন বিএনপির সাবেক সদস্য সচিব মাসুকুল আলম সোহানসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ব্যক্তিবর্গ এবং মুসল্লিবৃন্দ।
মাহফিলে মহানবী হযরত (স.) এর জীবনী ও জীবনাদর্শ নিয়ে আলোচনা করেন বায়তুল আমান জামে মসজিদের খতিব মাওলানা এম জে ইউনুস আলীসহ অন্যরা।
পরে শাহকালা (রহ.) জামে মসজিদের খতিব মাওলানা মফিজুর রহমানের দোয়া ও মুনাজাতের মধ্য দিয়ে মাহফিল শেষ হয়।
