চট্টগ্রামের সীতাকুণ্ডে নানা আয়োজনের মধ্য দিয়ে বগাচতর ব্লাড ব্যাংকের ষষ্ঠ বর্ষপূর্তি উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্প, বিনা মূল্যে রক্তের গ্রুপ নির্ণয়, কুইজ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
আজ শনিবার (১০ অক্টোবর) উপজেলার মধ্য বগাচতর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
মেডিকেল ক্যাম্পে চিকিৎসাসেবা দেন সীতাকুণ্ড মডার্ন হসপিটালের দুই চিকিৎসক আফরোজা তালুকদার ও এ এস এম নুরুল করিম চৌধুরী শাহীন। এ সময় হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ খালেদ মোশারফ এবং মার্কেটিং এক্সিকিউটিভ মো. আকতার হোসেন এলিট সার্বিক সহযোগিতা করেন।
অনুষ্ঠানে সংগঠনের সদস্য, শুভাকাঙ্ক্ষী ও স্থানীয় ব্যক্তিরা অংশ নেন। পরে কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়।
আয়োজকেরা জানান, সংগঠনের ছয় বছরের পথচলায় রক্তদানে মানুষকে উদ্বুদ্ধ করা এবং মানবিক সেবামূলক কার্যক্রম পরিচালনায় গুরুত্ব দেওয়া হয়েছে। বর্ষপূর্তির আয়োজন সফল করতে সহযোগিতা করা সদস্য ও শুভাকাঙ্ক্ষীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তারা।
