back to top

মিরসরাইয়ে বিপুল ভোটে জয়ী হবে বিএনপি : আমির খসরু

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ০৭ ফেব্রুয়ারি, ২০২৬ ১৭:৩১
[photo_card_and_fontsize]

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, আওয়ামী লীগ আমলে হাজার হাজার বিএনপি নেতাকর্মী গুম, খুন ও পুলিশ হেফাজতে মৃত্যুবরণ করেছেন। জেলখানায় চিকিৎসার অভাবে নেতাকর্মীদের মৃত্যুর ঘটনা ঘটেছে। এমনকি দেশনেত্রী বেগম খালেদা জিয়াকেও চিকিৎসা না দিয়ে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হয়েছিল, কিন্তু তিনি আপোস করেননি। এটাই বিএনপি৷

শনিবার (৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় মিরসরাই উপজেলার বারইয়ারহাটে ধানের শীষের পক্ষে আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আমির খসরু বলেন, দেশের এই ক্রান্তিলগ্নে জনগণ বিএনপির পাশে দাঁড়িয়েছে। জনগণের সমর্থন নিয়েই বিএনপি সরকার গঠন করবে। মিরসরাইতে বিপুল ভোটের ব্যবধানে বিএনপি মনোনীত প্রার্থী নুরুল আমিন চেয়ারম্যান বিজয়ী হবেন। দেড় যুগ পর আগামী ১২ ফেব্রুয়ারি সারা দেশের মতো মিরসরাইবাসী ধানের শীষের বিজয় উদযাপন করবে।

আমির খসরু আরও বলেন, যেখানে যাচ্ছি সেখানেই ধানের শীষের জোয়ার দেখা যাচ্ছে। পুরুষ, নারী এমনকি শিশুরাও ধানের শীষের স্লোগান দিচ্ছে। তবে আন্দোলন এখনো শেষ হয়নি। ১২ তারিখ রাতে নির্বাচনের ফলাফল নিয়ে বাড়ি ফেরার দিনই আন্দোলন শেষ হবে, তার আগে নয়।

প্রতিপক্ষকে উদ্দেশ্য করে তিনি বলেন, সাধারণত প্রতিপক্ষ দৃশ্যমান থাকে, কিন্তু এখনকার প্রতিপক্ষ অদৃশ্য। তারা বোরকা পরে বাড়ি বাড়ি গিয়ে নারীদের বিভ্রান্ত করছে, মিথ্যাচার করছে, ধর্মকে ব্যবহার করছে। এনআইডি কার্ড ও মোবাইল নম্বর নিয়ে বিকাশের প্রলোভন দেখাচ্ছে। এ কারণে সবাইকে আরও সতর্ক থাকতে হবে। নির্বাচনে জিতলেই হবে না, বিশাল ভোটে জিততে হবে- যাতে দেশ ও বিশ্বকে বার্তা দেওয়া যায়, বাংলাদেশের মানুষ কোনো অদৃশ্য শক্তিকে ক্ষমতায় দেখতে চায় না।

বারইয়ারহাট পৌরসভা বিএনপির সাবেক আহ্বায়ক দিদারুল আলম মিয়াজীর সভাপতিত্বে অনুষ্ঠিত জনসভায় বক্তব্য রাখেন মিরসরাই আসনে বিএনপির মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী নুরুল আমিন চেয়ারম্যান।

বারইয়ারহাট পৌরসভা বিএনপির যুগ্ম আহ্বায়ক নিজাম উদ্দিন কমিশনার ও বিএনপি নেতা নজরুল ইসলাম লিটনের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন- চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মো. নুরুল আমিন, উপজেলা বিএনপির আহ্বায়ক আবদুল আউয়াল চৌধুরী, সাবেক আহ্বায়ক শাহীদুল ইসলাম চৌধুরী, সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ আলমগীর, সাবেক সদস্য সচিব গাজী নিজাম উদ্দিন, সদস্য সচিব আজিজুর রহমান চৌধুরী, বারইয়ারহাট পৌরসভা বিএনপির আহ্বায়ক মাঈন উদ্দিন লিটন, চট্টগ্রাম উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. সরোয়ার উদ্দিন সেলিম, মিরসরাই উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মাঈন উদ্দিন মাহমুদ, আহলে সুন্নাত ওয়াল জামায়াতের কেন্দ্রীয় কমিটির সদস্য সালাউদ্দিন লতিফীসহ আরও অনেকে।

জনসভায় উপজেলা, পৌরসভা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।