আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচনে চট্টগ্রাম জেলার ১৬টি সংসদীয় আসনের সাড়ে ৬ শতাধিক কেন্দ্রকে ‘ঝুঁকিপূর্ণ’ হিসেবে চিহ্নিত করেছে পুলিশ। পুলিশ বলছে এ কেন্দ্রগুলো অধিক গুরুত্বপূর্ণ। এরমধ্যে ৩১০টি ভোটকেন্দ্র চট্টগ্রাম নগরের ও আর জেলা পুলিশের আওতায় রয়েছে ৩৪৩টি।
এবারের নির্বাচনে চট্টগ্রাম জেলা ও মহানগর মিলে ১ হাজার ৯৬৫ ভোটকেন্দ্রের মধ্যে ৬০৭টি সিএমপির ১৬ থানার অধীনে। আর ১ হাজার ৩৫৮টি কেন্দ্র জেলা পুলিশের ১৭টি থানার অধীনে। কেন্দ্রগুলোকে ‘অধিক গুরুত্বপূর্ণ’, ‘গুরুত্বপূর্ণ’ ও ‘সাধারণ’ হিসেবে চিহ্নিত করে তালিকা করেছে পুলিশ।
ভোটকেন্দ্রের অবস্থান, প্রার্থীর বাসস্থানের দূরত্ব, গোলযোগের শঙ্কাসহ কয়েকটি বিষয় বিবেচনায় নিয়ে মহানগর এলাকায়, মহানগরের বাইরের এলাকা ও বিশেষ এলাকায় (পার্বত্য ও দুর্গম) ‘সাধারণ’ ও ‘ঝুঁকিপূর্ণ’ কেন্দ্রে প্রয়োজনীয় সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হবে।
চট্টগ্রাম নগর পুলিশের জনসংযোগ শাখার দায়িত্বপ্রাপ্ত সহকারী কমিশনার আমিনুর রশিদ বলেন, “নির্বাচন কমিশনের নির্দেশনা ও বিভিন্ন দিক বিবেচনায় নিয়ে আমরা কেন্দ্রগুলোকে তিনভাগে ভাগ করেছি। নির্দেশনা অনুযায়ী সেখানে পুলিশ মোতায়েন করা হবে।”
গত ৭ জানুয়ারি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পরিপত্রে বলা হয়, মহানগরের ‘অধিক গুরুত্বপূর্ণ’ কেন্দ্রগুলোতে চারজন করে অস্ত্রসহ পুলিশ, দুইজন অস্ত্রধারী আনসার, প্রতি কেন্দ্রে লাঠিসহ ১০ জন পুলিশ ও মহিলা আনসার মোতায়েন থাকবে।
আরও পড়ুন: সাতকানিয়ায় ছাত্রদল নেতার বাসা থেকে অস্ত্র উদ্ধার, দুই ভাই গ্রেপ্তার
এছাড়া ‘গুরুত্বপূর্ণ’ ও ‘সাধারণ’ কেন্দ্রগুলোতে থাকবে তিনজন করে অস্ত্রধারী পুলিশ, দুইজন অস্ত্রধারী আনসার, প্রতি কেন্দ্রে লাঠিসহ ১০ জন পুলিশ ও মহিলা আনসার মোতায়েন থাকবে।
চট্টগ্রাম জেলার ১৬টি সংসদীয় আসনের মধ্যে ৯-১১ নম্বর আসনগুলোর সম্পূর্ণ অবস্থান মহানগরীতে। ৪ ও ৫ নম্বর আসনের আংশিক এবং ৮ ও ১৩ নম্বর আসনের বড় একটি অংশ চট্টগ্রাম নগর পুলিশের অধীনে।
চট্টগ্রাম জেলার অতিরিক্ত পুলিশ সুপার (জনসংযোগ) রাসেল বলেন, জেলার অধীনে থাকা কেন্দ্রগুলোর মধ্যে ৩৪৩টি ‘অধিক গুরুত্বপূর্ণ’, ৬৮৮টি ‘গুরুত্বপূর্ণ’ ও ৩২৭টি কেন্দ্রকে তারা ‘সাধারণ’ কেন্দ্র হিসেবে চিহ্নিত করেছেন।
সিএমপির সহকারী কমিশনার (জনসংযোগ) আমিনুর রশিদ বলেন, তাদের অধীনে থাকার ৬০৭টি কেন্দ্রের মধ্যে ৩১০টি কেন্দ্র ‘গুরুত্বপূর্ণ’, ১৫০টি ‘কম গুরুত্বপূর্ণ’ ও ১৪৭টি কেন্দ্রকে ‘সাধারণ’ কেন্দ্র হিসেবে চিহ্নিত করা হয়েছে।
