মিরসরাইয়ে চাঁদাবাজ ও সন্ত্রাসীদের কোনো স্থান হবে না বলে মন্তব্য করেছেন বিএনপি মনোনীত প্রার্থী নুরুল আমিন চেয়ারম্যান। তিনি বলেন, দলের নাম ভাঙিয়ে যারা চাঁদাবাজি ও সন্ত্রাসী কার্যক্রমে জড়িত, তাদের কারণে সাধারণ মানুষ কষ্ট পাচ্ছে এবং দলের বদনাম হচ্ছে।
রবিবার (৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় মিরসরাই উপজেলার আবুতোরাব উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত বিএনপির নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
নুরুল আমিন বলেন, “চাঁদাবাজ ও সন্ত্রাসীদের ঠাঁই মিরসরাই জনপদে হবে না। যারা আওয়ামী মনোভাব নিয়ে দলে ভিড় করছেন, তারা দ্রুত শুধরে যান। আমি নির্বাচিত হলে আপনাদের কোনো অস্তিত্ব থাকবে না।”
তিনি আরও বলেন, “গত ১৭ বছর ধরে আপনারা ভোটের অধিকারের জন্য কষ্ট করেছেন। আগামী ১২ ফেব্রুয়ারি ভোটের দিন একটু কষ্ট করে সবাই ভোটকেন্দ্রে যাবেন। একটি দল নির্বাচন নিয়ে ষড়যন্ত্র করছে, আপনারা বিভ্রান্ত হবেন না। ফজরের নামাজ পড়ে সবাই ভোটকেন্দ্রে গিয়ে ভোট দেবেন, তারপর নাস্তা করবেন। সারাদিন ভোটকেন্দ্রে অবস্থান করে সন্ধ্যায় ফলাফল ঘোষণার পর আমরা একসঙ্গে বিজয় মিছিল করব, ইনশাআল্লাহ।”
বিএনপি মনোনীত এই প্রার্থী বলেন, “বিএনপি ক্ষমতায় এলে দেশ উন্নয়নের পথে এগোয়। অন্য দল ক্ষমতায় এলে লুটপাট হয়। একটি দল এখন ধর্মকে ব্যবহার করে অপরাজনীতি করছে—এ বিষয়ে আপনারা সতর্ক থাকবেন, বিশেষ করে যেন মা-বোনদের বিভ্রান্ত করতে না পারে।”
আলোচনা সভা শেষে নুরুল আমিন চেয়ারম্যানের নেতৃত্বে ধানের শীষ প্রতীকের পক্ষে আবুতোরাব বাজারে একটি গণমিছিল অনুষ্ঠিত হয়।
মঘাদিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সদস্য সচিব আলা উদ্দিনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য অধ্যাপক কামাল উদ্দিন চৌধুরী।
এছাড়া বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আহ্বায়ক আবদুল আউয়াল চৌধুরী, সাবেক আহ্বায়ক শহীদুল ইসলাম চৌধুরী, সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ আলমগীর, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মঈন উদ্দিন মাহমুদ, চট্টগ্রাম উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সরোয়ার উদ্দিন, শিক্ষাবিদ ও নজরুল গবেষক কামাল উদ্দিন, অ্যাডভোকেট নুরুল করিম এরফান, উপজেলা কৃষক দলের আহ্বায়ক আশরাফ উদ্দিন, চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের সাবেক সভাপতি জাহিদুল আফছার জুয়েল, সাধারণ সম্পাদক সরোয়ার হোসেন রুবেল, চাকসুর সাবেক ক্রীড়া সম্পাদক মহিউদ্দিন বাদল প্রমুখ।
এ সময় বিএনপি, যুবদল ও ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
