back to top

প্রশাসন ক্যাডারে মিরসরাইয়ের শাওনের সাফল্য

তাঁকে নিয়ে এলাকাবাসী গর্বিত

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ১০ ফেব্রুয়ারি, ২০২৬ ০৪:১৩
[photo_card_and_fontsize]

সাফল্য কখনো হঠাৎ আসে না। এর পেছনে থাকে দীর্ঘ সাধনা, নিরব প্রচেষ্টা আর অদম্য মনোবল। তেমনই এক অনুপ্রেরণার গল্পের নাম ইমতিয়াজুল হক শাওন। ৪৬তম বাংলাদেশ সিভিল সার্ভিস (বিসিএস) পরীক্ষায় প্রশাসন ক্যাডারে উত্তীর্ণ হয়ে তিনি প্রমাণ করেছেন, স্বপ্ন যদি বড় হয় আর চেষ্টা যদি অবিরাম হয়, সাফল্য আসবেই।

চট্টগ্রাম জেলার মিরসরাই উপজেলার ৬ নম্বর ইছাখালী ইউনিয়নের সাহেব দি নগর গ্রামের আব্দুল কুদ্দুস মিয়া বাড়িতে শাওনের বেড়ে ওঠা। তিনি মোহাম্মদ শামসুদ্দিনের (হক সাহেব) ছোট ছেলে। সাধারণ একটি পরিবারে জন্ম নেওয়া শাওন ছোটবেলা থেকেই পড়াশোনায় মনোযোগী ও লক্ষ্যনিষ্ঠ ছিলেন বলে জানান স্থানীয়রা।

বিসিএসে সাফল্যই তাঁর পথচলার শেষ নয়। একের পর এক কঠিন প্রতিযোগিতামূলক পরীক্ষায় কৃতিত্বের স্বাক্ষর রেখেছেন তিনি। বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষ (বিইপিজেডএ) আয়োজিত সহকারী পরিচালক নিয়োগ পরীক্ষায় প্রথম স্থান অর্জন করেন শাওন। একইভাবে কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডে সহকারী ব্যবস্থাপক (অর্থ ও হিসাব) পদেও তিনি প্রথম স্থান অধিকার করে নিজের মেধার প্রমাণ দেন।

সর্বশেষ ৪৯তম স্পেশাল বিসিএস পরীক্ষায় শিক্ষা ক্যাডারেও উত্তীর্ণ হয়ে শাওন দেখিয়েছেন ধারাবাহিক সাফল্য কেবল প্রতিভা নয়, বরং কঠোর পরিশ্রম আর আত্মবিশ্বাসের ফল।

ইমতিয়াজুল হক শাওনের এই সাফল্যে মিরসরাইজুড়ে আনন্দের আবহ সৃষ্টি হয়েছে। এলাকাবাসী তাঁকে নিয়ে গর্বিত। অনেক শিক্ষার্থী বলছেন, শাওনের অর্জন তাঁদের নতুন করে স্বপ্ন দেখাতে সাহস জুগিয়েছে।