ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে ভোটগ্রহণের সর্বশেষ প্রস্তুতি সরেজমিনে খতিয়ে দেখতে চট্টগ্রামের সীতাকুণ্ড ও মিরসরাই উপজেলার বিভিন্ন ভোটকেন্দ্র পরিদর্শন করেছেন চট্টগ্রামের জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা।
মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) আইনশৃঙ্খলা বাহিনীর প্রতিনিধিসহ চট্টগ্রাম জেলা ভিজিল্যান্স ও অবজারভেশন টিম এই পরিদর্শন কার্যক্রম পরিচালনা করে।
পরিদর্শনকালে টিমের সদস্য হিসেবে উপস্থিত ছিলেন- পুলিশ সুপার মোহাম্মাদ নাজির আহমেদ খাঁন, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক গোলাম মাঈনউদ্দিন হাসান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দ মাহবুবুল হক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক আপ্রু মারমা, মোহাম্মদ আবদুল মতিন, জেলা কমান্ড্যান্ট (আনসার ও ভিডিপি) মোস্তাক আহমেদ, জেলা তথ্য অফিসের পরিচালক (সদস্য সচিব) মো. বোরহান উদ্দীন এবং সিনিয়র জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ বশির আহমেদ। এ সময় সীতাকুণ্ড উপজেলা নির্বাহী অফিসার ফখরুল ইসলাম এবং মিরসরাই উপজেলা নির্বাহী অফিসার সোমাইয়া আক্তার উপস্থিত ছিলেন।

পরিদর্শনকালে ভোটকেন্দ্রগুলোর সার্বিক প্রস্তুতি, নিরাপত্তা ব্যবস্থা, ভোটকক্ষের অবস্থা এবং নির্বাচন সংক্রান্ত বিধি-বিধান প্রতিপালনের বিষয়গুলো পর্যবেক্ষণ করা হয়। জেলা প্রশাসক সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্বাচনী আইন ওলঙ্ঘনের ক্ষেত্রে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণের নির্দেশ দেন।
মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে প্রশাসন সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। প্রতিটি ভোটকেন্দ্রে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে। নির্বাচন সংক্রান্ত কোনো ধরনের অনিয়ম, আইন লঙ্ঘন বা আচরণবিধি ভঙ্গের ঘটনা ঘটলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে তাৎক্ষণিক আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এ বিষয়ে কোনো ছাড় দেওয়া হবে না।
