back to top

চট্টগ্রামে দীর্ঘ লাইন, উৎসবমুখর পরিবেশে ভোট দিচ্ছেন ভোটাররা

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ১২ ফেব্রুয়ারি, ২০২৬ ০২:১১
[photo_card_and_fontsize]

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ঘিরে সকাল হওয়ার আগেই বিভিন্ন ভোটকেন্দ্রে ভোটারদের দীর্ঘ লাইন দেখা গেছে। বিশেষ করে পুরুষ ভোটারদের কেন্দ্রে এসে লাইন দিয়ে ভোট দিচ্ছেন।

সরেজমিনে চট্টগ্রাম-৯ (বাকলিয়া-চকবাজার-কোতয়ালী) আসনের বিভিন্ন এলাকায় সরেজমিনে দেখা যায়, সকাল সাড়ে ৭টায় ভোটগ্রহণ শুরু হওয়ার কথা থাকলেও তার আগেই ভোটাররা কেন্দ্রে পৌঁছে যান। নির্ধারিত সময়ে ভোট শুরু হওয়ার ভোটাররা লাইন ধরে ভোট দিতে দেখা গেছে।

নগরীর কাজির দেউড়িস্থ আঞ্চলিক লোকপ্রশাসন কেন্দ্রে লাইনে দাঁড়ানো আবুল হোসেন বলেন, সকাল সকাল চলে এসেছি। এখানে এসে দেখি ভোটারদের দীর্ঘ লাইন। অনেক বছর পর ভোট দিচ্ছি। মনে হচ্ছে দেশে কোনো উৎসব হচ্ছে।

নগরীর ডা. খাস্তগীর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে সকাল ৮টায় ভোট দেন চট্টগ্রাম-৯ আসনের জামায়াত ইসলামী মনোনীত প্রার্থী ডা: এ কে এম ফজলুল হক। তিনি বলেন, আমি সুন্দর পরিবেশে ভোট দিলাম। আগামীর বাংলাদেশ হচ্ছে ইনসাফের বাংলাদেশ। দুর্নীতি, চাঁদাবাজমুক্ত, ন্যায় ও ইনসাফের রাষ্ট্র গঠনে সৎ ও যোগ্য প্রার্থীকে ভোটাররা বেঁচে নিবেন। এ সময় তিনি জয়ের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন।

কেন্দ্র সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, নির্ধারিত সময়েই ভোটগ্রহণ শুরুর প্রস্তুতি নেওয়া হয়েছে। ভোটারদের শৃঙ্খলভাবে লাইনে দাঁড়াতে এবং জাতীয় পরিচয়পত্র সঙ্গে রাখতে বলা হয়েছে। কেন্দ্রের ভেতর ও বাইরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের দায়িত্ব পালন করতে দেখা গেছে।

নির্বাচন কমিশন জানিয়েছে, ভোটগ্রহণ সুষ্ঠু ও নিরপেক্ষ করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। প্রতিটি কেন্দ্রে প্রিসাইডিং ও সহকারী প্রিসাইডিং কর্মকর্তা নিয়োগ দেওয়া হয়েছে। পাশাপাশি পর্যবেক্ষক ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা মাঠে রয়েছেন।