back to top

ভূমিধ্বস বিজয় বিএনপির

২১০ আসনে জয়ী হতে যাচ্ছে ধানের শীষ

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ১৩ ফেব্রুয়ারি, ২০২৬ ০২:২৫
[photo_card_and_fontsize]

ভূমিধ্বস বিজয়ে একক সংখ্যা গরিষ্ঠ দল হিসেবে সরকার গঠন করতে যাচ্ছে বিএনপি। শেষ খবর পাওয়া পর্যন্ত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২১০টি আসনে ধানের শীষ প্রতীক নিয়ে বিএনপির প্রার্থীরা জয়ী হয়েছেন। এখন পর্যন্ত দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে জামায়াত প্রার্থীরা জিতেছেন ৭১টি আসনে। ১০টিতে জয়ী হয়েছেন জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের শরিক দল এনসিপি।

নানা শঙ্কা কাটিয়ে যে নির্বাচন, সে নির্বাচনের নাটকীয়তার অভাব ছিলো না। শেষ সময় পর্যন্ত আলোচিত দুই জোটের প্রার্থীদের মধ্যেও ছিলো টান টান উত্তেজনা। তবে প্রায় দেড় যুগ পর সাধারণের স্বতঃস্ফূর্ত এই ভোট, সকাল থেকেই পরিণত হয়েছিলো উৎসবে।

বিকেল সাড়ে চারটায় ভোট গ্রহণ শেষ হবার পর কিছুটা বিরতি দিয়ে শুরু হয় ভোট গণনা। কয়েক ঘণ্টার মধ্যেই যেসব আসনের ফলাফল নিশ্চিত হতে থাকেন গণমাধ্যমকর্মীরা, তার অন্যতম ছিলো ঢাকা-১৭ আসনে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের বিজয়। রাত বাড়ার সঙ্গে সঙ্গেই বিএনপির সেই বিজয় মিছিলে যোগ দেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, ড. আব্দুল মঈন খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, সালাহউদ্দিন আহমদ, ইকবাল হাসান মাহমুদ টুকু, হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম এবং বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডাঃ এ জেড এম জাহিদ হোসেনসহ নির্বাচনে মনোনয়ন পাওয়া দলটির কেন্দ্রীয় কমিটির অধিকাংশ নেতা।

ভোলা-১ আসন থেকে জয়ী হয়েছেন বিএনপি জোটের অন্যতম দল জেপির প্রার্থী আন্দালিব রহমান পার্থ, নুরুল হক নূরসহ আলোচিত, জনপ্রিয় রাজনৈতিক নেতারা।

অন্যদিকে, দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে সবার আগে জয়ের খবর দেন জামায়াতে ইসলামীর নায়েবে আমীর এটিএম আজহারুল ইসলাম, পিরোজপুর-১ আসনে আল্লামা দেলওয়ার হোসেন সাঈদীর পুত্র মাসুদ সাঈদীসহ অনেকেই। এর মধ্যে জাতীয় পার্টির দুর্গ বলে পরিচিত রংপুর-৩ আসনে দলটির চেয়ারম্যান জিএম কাদেরকে হারিয়ে জয়ী হয়েছেন জামায়াতের মো. মাহবুবুর রহমান।

পোস্টাল ব্যালটে চমক দেখিয়ে জয়ী হয়েছেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান। জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের শরিক এনসিপির সদস্য সচিব আখতার হোসেন ও জ্যেষ্ঠ মুখ্য সমন্বয়ক আবদুল হান্নান মাউসদ। নিজ আসনের সব কয়টিতে জয়ী হয়ে ইতিহাস গড়েছেন দলটির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ।

যদিও জাতীয় নাগরিক পার্টি-এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমসহ অধিকাংশ নেতাই ভোটের লড়াইয়ে হেরেছেন। নিজ আসনে বিএনপি জোটের ববি হাজ্জাজের কাছে পরাজিত হয়েছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মো. মামুনুল হক।

ত্রয়োদশ সংসদ নির্বাচনের আগে স্বাধীন বাংলাদেশে গেজেট হওয়া ১২টি সংসদ নির্বাচনের মধ্যে দল হিসেবে ৮টি অংশ নিয়েছে বিএনপি। এর মধ্যে জয়ী হয়েছে চারটিতে। পঞ্চমবারের মতো বিএনপির জয় পাওয়া এই নির্বাচনটি বাংলাদেশের ইতিহাসে এক মাত্র জাতীয় সংসদ নির্বাচন, যেখানে ভোটের দিনে কোন প্রাণ হানি নেই। যে নির্বাচনে মূল বিজয়ী দেশের সাধারণ মানুষ।