ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী নুরুল আমিন বিজয় লাভ করায় কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে মিরসরাইয়ে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। দলীয় নির্দেশনা অনুযায়ী নবনির্বাচিত সংসদ সদস্যদের শুক্রবার জুমার নামাজের পর নিজ নিজ এলাকায় এ কর্মসূচি পালনের আহ্বান করা হয়।
এরই ধারাবাহিকতায় শুক্রবার জুমার নামাজ শেষে উপজেলা মডেল মসজিদে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। নামাজ শেষে মুসল্লিদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন নবনির্বাচিত সংসদ সদস্য নুরুল আমিন। তিনি নির্বাচনে বিজয়ী হওয়ায় মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করেন এবং মিরসরাইবাসীর কাছে দোয়া কামনা করেন।
দোয়া মাহফিলে মোনাজাত পরিচালনা করেন মডেল মসজিদের খতিব মাওলানা হেলাল উদ্দিন। মোনাজাতে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও দেশনেত্রী খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনা করা হয়। পাশাপাশি তারেক রহমানর নেতৃত্বে বাংলাদেশ যেন বিশ্বের দরবারে উন্নয়নশীল রাষ্ট্র হিসেবে অনন্য উচ্চতায় পৌঁছতে পারে, সে জন্য বিশেষ দোয়া করা হয়।
বক্তব্যে সংসদ সদস্য নুরুল আমিন বলেন, মিরসরাইবাসীর ভালোবাসা ও সমর্থনে আমি নির্বাচিত হয়েছি। সবাইকে সঙ্গে নিয়ে একটি আধুনিক, নিরাপদ ও সমৃদ্ধ মিরসরাই গড়ে তুলতে চাই। তিনি উন্নয়ন কর্মকাণ্ড বাস্তবায়নে সকল শ্রেণি-পেশার মানুষের সহযোগিতা কামনা করেন।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক আব্দুল আউয়াল চৌধুরী, সদস্য সচিব আজিজুর রহমান চৌধুরী, বারইয়ারহাট পৌরসভা বিএনপির আহ্বায়ক মাঈন উদ্দিন লিটন, সাবেক আহ্বায়ক দিদারুল আলম মিয়াজী, উপজেলা বিএনপির সাবেক সম্পাদক মো. আলমগীর, মিরসরাই পৌরসভা বিএনপির সাবেক সদস্য সচিব জাহিদ হোসাইন, চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক সরোয়ার হোসেন রুবেলসহ দলীয় নেতাকর্মীরা।
