মিরসরাই আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পরবর্তী দলীয় নেতাকর্মী ও বিভিন্ন কেন্দ্রে দায়িত্বপালনকারীদের সঙ্গে মতবিনিময় করেছেন বিএনপি মনোনীত নবনির্বাচিত সংসদ সদস্য নুরুল আমিন। শনিবার (১৪ ফেব্রুয়ারি) বারইয়ারহাট নির্বাচনী কার্যালয়ে এ সভার আয়োজন করা হয়।
সভায় প্রধান অতিথির বক্তব্যে নুরুল আমিন বলেন, মিরসরাইয়ের বিভিন্ন স্থানে দলের নাম ব্যবহার করে অপ্রয়োজনীয় অফিস খোলা হয়েছে, যা দ্রুত বন্ধ করতে হবে। এসব অফিস দলের কোনো উপকারে আসে না; বরং এগুলো ‘চাঁদাবাজির দোকান’ হিসেবে ব্যবহৃত হচ্ছে বলে মন্তব্য করেন তিনি।
তিনি আরও বলেন, ‘৫ই আগস্টের পর ব্যক্তিগত অফিসের নামে যারা ইউনিয়ন ও হাট-বাজারে দোকান খুলে বসেছেন, সেগুলো বন্ধ করতে হবে। নির্বাচনী প্রচারণায় গিয়ে অনেকের অফিসে আমার ছবি দেখেছি। কেউ আমার ছবি ব্যবহার করবেন না। আমার ছবি দিয়ে কোনো দোকানদারি চলবে না। আমি কারও থেকে কমিশন নেই না এবং কারও অপকর্মের দায়ও নেবো না। ব্যক্তিগত অফিস বন্ধ না করলে নেতৃবৃন্দ গিয়ে তা বন্ধ করে দেবে।’
দলীয় অফিসে শুধুমাত্র দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক চেয়ারপার্সন খালেদা জিয়া এবং বর্তমান চেয়ারম্যান তারেক রহমান-এর ছবি রাখার নির্দেশ দেন তিনি।
তদন্ত কমিটি গঠনের আহ্বান
নির্বাচনের ফলাফল প্রসঙ্গে তিনি বলেন, ‘মিরসরাই আসনে বিএনপি বিজয়ী হলেও ভোটের ব্যবধান আরও বেশি হওয়ার কথা ছিল। ব্যবধান কম হওয়ার কারণ অনুসন্ধানে একটি তদন্ত কমিটি গঠন করা প্রয়োজন।’
তিনি জানান, মিরসরাইয়ে জাতীয়তাবাদী দলের রাজনীতিতে কোনো গ্রুপিং থাকবে না। সবাইকে ঐক্যবদ্ধভাবে দলের চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে কাজ করার আহ্বান জানান তিনি।
মাদক ও সন্ত্রাসমুক্ত মিরসরাই গড়ার প্রত্যয়
নির্বাচন-পরবর্তী কর্মসূচি প্রসঙ্গে নুরুল আমিন বলেন, ‘আমি মিরসরাইকে মাদকমুক্ত উপজেলা হিসেবে গড়ে তুলতে চাই। সন্ত্রাস ও চাঁদাবাজি কেউ করতে পারবে না। এসব বন্ধ করতে পারলে পুরো উপজেলাবাসী আমাদের পাশে থাকবে।’
তিনি আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতা কামনা করে বলেন, মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজি বন্ধে সবাইকে একযোগে কাজ করতে হবে।
সহিংসতা নিয়ে মন্তব্য
নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, ‘সমাজে গুজব রটানো হয়েছিল বিএনপি ক্ষমতায় এলে কেউ বাড়িঘরে থাকতে পারবে না। কিন্তু নির্বাচন-পূর্ব ও নির্বাচন-পরবর্তী সময়ে মিরসরাইসহ সারাদেশে কোনো সহিংসতা ঘটেনি। বিএনপি ক্ষমতায় এসেছে বলেই শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা সম্ভব হয়েছে।’
উপজেলা বিএনপির সদস্য সচিব আজিজুর রহমান চৌধুরীর সঞ্চালনায় এবং আহ্বায়ক আবদুল আউয়াল চৌধুরীর সভাপতিত্বে সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ফটিকছড়ি আসনের নবনির্বাচিত সংসদ সদস্য সরোয়ার আলমগীর, দিদারুল আলম মিয়াজী, আ.ক.ম জান্নাতুল করিম খোকন, মনিরুল ইসলাম ইউসুফ, মাঈন উদ্দিন লিটন, সালাউদ্দিন সেলিম, নুরুল আবছার চেয়ারম্যান, জসিম উদ্দিন, গাজী নিজাম উদ্দিন, মোহাম্মদ আলমগীর, লায়ন তাহের আহম্মদ, ফখরুল ইসলাম, সরোয়ার হোসেন, শাহিনুল ইসলাম স্বপন, আমিনুল ইসলাম তৌহিদ ও সরোয়ার হোসেন রুবেল প্রমুখ।
সভায় বিএনপি, যুবদল, ছাত্রদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
