ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১ (মিরসরাই) আসনে অংশ নেওয়া ৭ জন প্রার্থীর মধ্যে ৫ জনের জামানত বাজেয়াপ্ত হয়েছে।
নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী নুরুল আমিন ধানের শীষ প্রতীকে ১ লাখ ২৭ হাজার ৬৪৫ ভোট পেয়ে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জামায়াতে ইসলামী প্রার্থী অ্যাডভোকেট ছাইফুর রহমান দাঁড়িপাল্লা প্রতীকে পান ৮১ হাজার ২২৭ ভোট।
নির্বাচনী বিধি অনুযায়ী, মোট প্রদত্ত ভোটের এক-অষ্টমাংশের কম ভোট পেলে সংশ্লিষ্ট প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়। এ আসনে মোট প্রদত্ত ভোট ছিল ২ লাখ ১৯ হাজার ৪১৬। সে হিসেবে এক-অষ্টমাংশ দাঁড়ায় ২৭ হাজার ৪২৭ ভোট। অর্থাৎ কোনো প্রার্থী এই সংখ্যার কম ভোট পেলে তার জামানত বাজেয়াপ্ত হবে।
ফলাফলে দেখা যায়— বাংলাদেশ ইসলামী আন্দোলন প্রার্থী অ্যাডভোকেট ফেরদৌস আহমদ চৌধুরী (হাতপাখা) পেয়েছেন ২ হাজার ৬৪ ভোট।
জাতীয় পার্টি প্রার্থী সৈয়দ শাহাদাৎ হোসেন (লাঙল) পেয়েছেন ১ হাজার ৬৩১ ভোট। ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশ প্রার্থী রেজাউল করিম (আপেল) পেয়েছেন ৭৫৮ ভোট। মুসলিম লীগ প্রার্থী অ্যাডভোকেট জুলফিকার বুলবুল চৌধুরী (হাতপাঞ্জা) পেয়েছেন ২৬৬ ভোট। বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (বাসদ) প্রার্থী অ্যাডভোকেট একেএম আবু ইউসুফ (তারা প্রতীক) পেয়েছেন ২৫২ ভোট।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা সোমাইয়া আক্তার জানান, প্রদত্ত মোট ভোটের এক-অষ্টমাংশের কম ভোট পাওয়ায় এই পাঁচ প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়েছে।
