চট্টগ্রাম-১ (মিরসরাই) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য নুরুল আমিনকে সংবর্ধনা দেওয়া হয়েছে। বৃহস্পতিবার সকালে বারইয়ারহাট পৌরসভা ও হিঙ্গুলী ইউনিয়ন বিএনপির উদ্যোগে আয়োজিত এক অনুষ্ঠানে তাঁকে সংবর্ধনা দেওয়া হয়।
বারইয়ারহাট পৌরসভা বিএনপির সাবেক আহ্বায়ক দিদারুল আলম মিয়াজীর সভাপতিত্বে এবং সাবেক সদস্য সচিব নিজাম উদ্দিন কমিশনারের সঞ্চালনায় অনুষ্ঠানে স্থানীয় বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এ সময় বারইয়ারহাট পৌর বিএনপির আহ্বায়ক মাঈন উদ্দিন লিটন, সদস্য সচিব জসীম উদ্দিন কমিশনার, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মোশারফ হোসেন, পৌর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক জসীম উদ্দিন ভেন্ডার ও সাইদুল ইসলাম মামুন, নজরুল ইসলাম লিটন, হিঙ্গুলী ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক নাজমুল হক সোহাগ, রফিকুল ইসলাম ভূঁইয়া, কামরান সরোয়ার্দী, নুর মোহাম্মদ মানিক, আনোয়ার হোসেন, সাহাব উদ্দিনসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এছাড়া জোরারগঞ্জ থানা যুবদলের সদস্য সচিব দেলোয়ার হোসেন, চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সহ-সম্পাদক ইফতেখার মাহমুদ জিপসন, পৌর যুবদলের আহ্বায়ক নুরুল আবছার মিয়াজী, সদস্য সচিব ফয়েজ উদ্দিন, চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক মিনহাজ উদ্দিন টিটু, বারইয়ারহাট পৌরসভা ছাত্রদলের আহ্বায়ক ইমরান হোসেন, সদস্য সচিব মোহন দে এবং বারইয়ারহাট কলেজ ছাত্রদলের আহ্বায়ক শরিফুল ইসলাম বাদশাসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য নুরুল আমিন বলেন, “আমি সবাইকে সঙ্গে নিয়ে সন্ত্রাস, চাঁদাবাজ ও মাদকমুক্ত একটি সুন্দর মিরসরাই গড়তে চাই। এসব নির্মূল করতে আপনারা আমার পাশে থেকে এবং জাতীয়তাবাদী দলের পাশে থেকে সহযোগিতা করে যাবেন। ইনশাআল্লাহ, আল্লাহপাক আমাদের সহায় হবেন। আল্লাহ পাশে থাকলে সকল প্রকার অন্যায় ও অনাচার বন্ধ করা সম্ভব হবে। আমরা নির্বাচনে জনগণকে যে প্রতিশ্রুতি দিয়েছি, তা বাস্তবায়নে সর্বোচ্চ চেষ্টা করব।”
তিনি আরও বলেন, জনগণের দেওয়া আস্থার প্রতিদান দিতে এবং নির্বাচনী অঙ্গীকার পূরণে তিনি সবার দোয়া ও সহযোগিতা কামনা করেন।
