back to top

আমার মেয়াদ ২০২৯ সাল পর্যন্ত : মেয়র ডা. শাহাদাত

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ২২ ফেব্রুয়ারি, ২০২৬ ১০:০৮
[photo_card_and_fontsize]

চট্টগ্রাম সিটি করপোরেশনে (চসিক) মেয়রের মেয়াদ আজ শেষ হচ্ছে। তবে স্থানীয় সরকারের মন্ত্রণালয়ের পরবর্তী সিদ্ধান্ত না আসা পর্যন্ত স্ব-পদে থাকতে চান বলে জানিয়েছে বর্তমান মেয়র ডা. শাহাদাত হোসেন। আজ রোববার (২২ ফেব্রুয়ারি) দুপুরে হালিশহরে একটি পার্ক উদ্ধোধন শেষে সাংবাদিকদের তিনি একথা জানান।

এ সময় মেয়র বলেন, ৫ আগস্টের পর সাবেক মেয়র পালিয়ে যাওয়ার পর আদালতের রায়ে তিনি মেয়র পদে বহাল হয়েছেন। এরইমধ্যে ১৪ মাস পার হয়েছে। আদালতের রায় অনুসারে তিনি ২০২৯ সাল পর্যন্ত থাকতে পারবেন। তবে নিজের জনপ্রিয়তা যাচাইয়ের জন্য আগেভাগেই নির্বাচন চান।’

এছাড়া ৪১টি ওয়ার্ডে কোনো ওয়ার্ড কাউন্সিলর না থাকায় বর্তমানে সেবা গ্রহীতাদের কষ্ট হচ্ছে বলে দাবি করেন চসিক মেয়র। এরই সঙ্গে তিনি বলেন, আগামী মাস থেকে ডোর টু ডোর বর্জ্য অপসারণে নগরবাসী থেকে ৭০- ৮০ টাকা আর নেয়া হবে না। চসিক নিজেই এ ভুতুর্কি দিবে।

এ সময় মেয়র বলেন , জাতীয় নির্বাচনে কয়েকজন উপদেষ্টা বিএনপিকে হারাতে ইলেকশন ইঞ্জিনিয়ারিং করেছে, তবে জনগণের ভোটের কারণে তা সম্ভব হয়নি। এখন উল্টো বিএনপিকে একটি পক্ষ দোষারোপ করছে।

২০২১ সালের ২৭ জানুয়ারি অনুষ্ঠিত চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগের (বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ) প্রার্থী রেজাউল করিম চৌধুরীকে বিজয়ী ঘোষণা করা হয়। তবে বিগত অন্তর্বর্তী সরকারের সময় ২০২৪ সালের ১৮ আগস্ট দেশের অন্যান্য সিটি করপোরেশনের মেয়রদের মতো রেজাউল করিম চৌধুরীকেও অপসারণ করা হয়েছিল। অপসারিত মেয়র রেজাউল করিম চৌধুরীর নেতৃত্বে গঠিত পরিষদের প্রথম সভা অনুষ্ঠিত হয় ২০২১ সালের ২৩ ফেব্রুয়ারি। স্থানীয় সরকার আইন অনুযায়ী, ওই পরিষদের মেয়াদ শেষ হচ্ছে আজ।

২০২১ সালের ওই নির্বাচনের পর কারচুপির অভিযোগ এনে নির্বাচনী ট্রাইব্যুনালে মামলা করেন বিএনপি–সমর্থিত প্রার্থী শাহাদাত হোসেন। এরপর ২০২৪ সালের ১ অক্টোবর তাঁকে মেয়র ঘোষণা করেন আদালত। আদালতের রায়ের পর নির্বাচন কমিশন গেজেট প্রকাশ করলে তিনি ওই বছরের ৩ নভেম্বর শপথ নেন এবং দায়িত্ব নেন ৫ নভেম্বর।

দেশের সিটি করপোরেশনগুলোর কার্যক্রম স্থানীয় সরকার আইন (সিটি করপোরেশন) ২০০৯–এর মাধ্যমে পরিচালিত হয়। এই আইনে সিটি করপোরেশনের মেয়রের মেয়াদ ও নির্বাচন আয়োজনের বিষয়ে পৃথক পৃথক ধারা রয়েছে। আইনের ৬ ধারায় সিটি করপোরেশনের মেয়াদ প্রসঙ্গে বলা হয়েছে, করপোরেশনের মেয়াদ প্রথম সভা অনুষ্ঠিত হওয়ার তারিখ থেকে পাঁচ বছর হবে।