চট্টগ্রাম-১ (মিরসরাই) আসনের সংসদ সদস্য নুরুল আমিন সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) দুপুর ২টার দিকে কুমিল্লা থেকে মিরসরাইয়ে ফেরার পথে তাকে বহনকারী প্রাইভেটকারটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের ডিভাইডারের ওপর উঠে দুমড়ে-মুচড়ে যায়।
এ সময় গাড়িচালক মনিরও আহত হন। স্থানীয় লোকজন দ্রুত উদ্ধার করে এমপি নুরুল আমিনকে বিকল্প গাড়িতে করে বারইয়ারহাটের কমফোর্ট হাসপাতালে নিয়ে যান। সেখানে তাকে প্রাথমিক চিকিৎসা প্রদান করা হয়।
হাসপাতাল সূত্রে জানা গেছে, তিনি মাথায় আঘাত পেয়েছেন। কমফোর্ট হাসপাতালের চিকিৎসক ডা. রেজাউল করিম প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাকে চট্টগ্রামে পাঠান। বর্তমানে তিনি চট্টগ্রামের ইমপেরিয়াল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
এ বিষয়ে বারইয়ারহাট পৌরসভা বিএনপির সাবেক আহ্বায়ক দিদারুল আলম মিয়াজী জানান, চিকিৎসকের পরামর্শ অনুযায়ী এমপিকে চট্টগ্রামে নেওয়া হয়েছে। তিনি এমপি নুরুল আমিনের দ্রুত সুস্থতার জন্য সবার কাছে দোয়া কামনা করেন।
