back to top

আফগানিস্তানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা পাকিস্তানের, ১৩৩ তালেবান সেনা নিহত

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ২৭ ফেব্রুয়ারি, ২০২৬ ০৯:০৮
[photo_card_and_fontsize]

সীমান্তে হামলার জবাবে আফগানিস্তানের রাজধানী কাবুল ও কান্দাহারসহ বিভিন্ন স্থানে বিমান হামলা চালিয়েছে পাকিস্তান। দেশটির দাবি, ‘অপারেশন গজব-লিল হক’-এর অংশ হিসেবে চালানো এ অভিযানে এখন পর্যন্ত কমপক্ষে ১৩৩ আফগান সেনা নিহত ও প্রায় দুই শতাধিক আহত হয়েছেন। এর পরই আফগানিস্তানের বিরুদ্ধে ‘প্রকাশ্য যুদ্ধ’ ঘোষণা করেছেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা মোহাম্মদ আসিফ। খবর বিবিসি ও আল জাজিরার।

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) ভোর ৪টা ১৮ মিনিটে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে খাজা মোহাম্মদ আসিফ বলেন, পাকিস্তান সরাসরি ও বন্ধুপ্রতিম দেশগুলোর মাধ্যমে পরিস্থিতি স্বাভাবিক রাখতে সর্বাত্মক কূটনৈতিক প্রচেষ্টা চালিয়েছে। তবে ‘ধৈর্যের বাঁধ ভেঙে গেছে’ উল্লেখ করে তিনি লেখেন, “এখন তোমাদের সঙ্গে আমাদের প্রকাশ্য যুদ্ধ।”

 

পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি পৃথক এক পোস্টে জানান, দেশটির সশস্ত্র বাহিনীর প্রতিক্রিয়া হবে ‘ব্যাপক ও চূড়ান্ত।’’

পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ-এর বিদেশি সংবাদমাধ্যম বিষয়ক মুখপাত্র মোশাররফ জাইদি ভোর ৪টা ৫০ মিনিটে এক্সে জানান, বৃহস্পতিবার দিবাগত রাত ৩টা ৪৫ মিনিট থেকে ‘অপারেশন গজব-লিল হক’ শুরু করে পাকিস্তান বিমান বাহিনী (পিএএফ)। অভিযানের অংশ হিসেবে কাবুল ছাড়াও পাকতিয়া ও কান্দাহার প্রদেশের একাধিক সামরিক স্থাপনায় হামলা চালানো হয়েছে। আফগান সেনাবাহিনীর একটি বড় গোলাবারুদ ডিপো ধ্বংসের দাবিও করা হয়েছে।

এর আগে বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) পাকিস্তানের সীমান্তবর্তী সামরিক অবস্থান লক্ষ্য করে হামলা চালায় আফগানিস্তান—এমন অভিযোগ করে ইসলামাবাদ। আফগান কর্মকর্তারা দাবি করেছেন, ওই হামলায় কয়েকজন পাকিস্তানি সেনা নিহত হয়েছেন।

এদিকে দুই দেশের মধ্যে উত্তেজনা বৃদ্ধির প্রেক্ষাপটে সংলাপের আহ্বান জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। এক্সে দেওয়া পোস্টে তিনি পবিত্র রমজান মাসের সংযম ও ইসলামী সংহতির কথা উল্লেখ করে কাবুল ও ইসলামাবাদকে গঠনমূলক আলোচনায় বসার আহ্বান জানান। প্রয়োজনে তেহরান মধ্যস্থতায় সহায়তা দিতে প্রস্তুত বলেও জানান তিনি।