চট্টগ্রামের সীতাকুণ্ডের সোনাইছড়িতে আবুল খায়ের স্টিল লিমিটেড কারখানায় সংঘবদ্ধ হামলা-ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। এ ঘটনায় আজ শনিবার ১০ জনের নাম উল্লেখ করে মামলা করেছে কারখানা কর্তৃপক্ষ।
জানা গেছে, গত বৃহস্পতিবার দিবাগত রাতে কারখানার দক্ষিণ পাশ দিয়ে ১০ থেকে ১৫ জনের একটি সংঘবদ্ধ দল লুটপাটের উদ্দেশ্যে কারখানায় প্রবেশের চেষ্টা চালায়। এ সময় কারখানার নিরাপত্তাকর্মী, আনসার সদস্য ও কর্মচারীরা তাৎক্ষণিকভাবে তাদের প্রতিহত করার চেষ্টা করেন।
প্রাথমিক প্রতিরোধের মুখে হামলাকারীরা দক্ষিণ পাশ থেকে সরে গিয়ে পাশ্ববর্তী রেললাইনের দিকে অবস্থান নেয়। পরে সেখান থেকে পাথর নিক্ষেপ করতে থাকে তারা। এক পর্যায়ে কারখানার প্রধান ফটকের দিকে এগিয়ে আসে হামলাকারীরা। এ সময় নিরাপত্তা গেইট, অফিস কক্ষসহ বিভিন্ন স্থাপনায় ব্যাপক ভাঙচুর চালায়।
কারখানার ডেপুটি জেনারেল ম্যানেজার মো. এমরুল কাদের ভূঁইয়া জানান, এ ঘটনায় অন্তত চারজন কর্মচারী আহত হন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে স্থানীয় গ্রামবাসীরা এগিয়ে এসে এদের প্রতিরোধ করে। একপর্যায়ে হামলাকারীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। এর আগেও চক্রটি প্রতিষ্ঠানটিতে হামলা চালিয়ে মালামাল লুট করে।
সীতাকুণ্ড থানার ওসি মো. মহিনুল ইসলাম জানান, ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ১০ জনের নাম উল্লেখ করে মামলা দায়ের করা হয়েছে। আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে এবং কারখানায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রাখা হয়েছে।
