চট্টগ্রাম নগরীর হালিশহরে সাম্প্রতিক বিস্ফোরণের ঘটনাস্থল পরিদর্শন করেছেন চট্টগ্রাম-১০ আসনের সংসদ সদস্য সাঈদ আল নোমান। সোমবার (২ মার্চ) তিনি ক্ষতিগ্রস্ত ভবন ও আশপাশের এলাকা ঘুরে দেখেন এবং স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে সার্বিক পরিস্থিতির খোঁজখবর নেন।
পরিদর্শনকালে তিনি বলেন, এই দুর্ঘটনাটি অত্যন্ত মর্মান্তিক ও হৃদয়বিদারক। বর্তমান শুষ্ক ও উষ্ণ আবহাওয়ায় অগ্নিকাণ্ডের ঝুঁকি ব্যাপকভাবে বেড়েছে। বিশেষ করে জনবহুল এলাকা, আবাসিক ভবন, শিল্পাঞ্চল, বাজার ও গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো বেশি ঝুঁকির মধ্যে রয়েছে।
তিনি অগ্নিকাণ্ড প্রতিরোধে প্রযুক্তিনির্ভর ব্যবস্থা জোরদার ও জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।
সাঈদ আল নোমান আরও বলেন, দাহ্য পদার্থের অনিয়ন্ত্রিত ব্যবহার রোধ, গ্যাস ও বিদ্যুৎ সংযোগ নিয়মিত পরীক্ষা এবং প্রতিটি ভবনে মানসম্মত ফায়ার সেফটি সরঞ্জাম—যেমন ফায়ার এক্সটিংগুইশার, ফায়ার ব্ল্যাঙ্কেট ও স্মোক ডিটেক্টর—পর্যাপ্ত পরিমাণে স্থাপন নিশ্চিত করতে হবে। পাশাপাশি স্থানীয় প্রশাসন, ফায়ার সার্ভিস ও আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে দ্রুত যোগাযোগের জন্য হটলাইন নম্বরগুলো সাধারণ মানুষের কাছে সহজলভ্য করার আহ্বান জানান।
উল্লেখ্য, গত ২৩ ফেব্রুয়ারি ভোররাতে বিস্ফোরণে একই পরিবারের নয়জন দগ্ধ হন। পরে চিকিৎসাধীন অবস্থায় ৬ জন মারা যান। বাকি তিনজনও শঙ্কামুক্ত নন।
পরিদর্শনকালে ফায়ার সার্ভিসের উপ-পরিচালক মোহাম্মদ আলমগীর, হালিশহর থানার ওসি আহসান উদ্দীন, কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানির ব্যবস্থাপক ইঞ্জিনিয়ার কবির আহমেদসহ স্থানীয় জনপ্রতিনিধি, সমাজকল্যাণ কমিটির সদস্য ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
