চট্টগ্রামের সীতাকুণ্ডে দুর্গম পাহাড়ি এলাকা থেকে গলায় ছুরিকাঘাতে শ্বাসনালি কাটা অবস্থায় উদ্ধার আট বছরের সেই মেয়ে শিশুটি মারা গেছে। গতকাল সোমবার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ তসলিম উদ্দিন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, শিশুটির শ্বাসনালী কেটে গেছে। পরে রাতে সে মারা যান।
শিশুটির নাম ইরা (৭)। কুমিরা ইউনিয়নের মাস্টারপাড়ার মনিরুল ইসলামের কন্যা। সে মসজিদ্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্রী।
এর আগে গত রোববার সীতাকুণ্ডে বোটানিক্যাল গার্ডেন ও ইকোপার্কের জঙ্গল থেকে তাকে গলাকাটা জীবিত অবস্থায় উদ্ধার করে স্থানীয় কয়েকজন যুবক। গলাকাটা অবস্থায় শিশুটি জঙ্গলে হেঁটে বেড়াচ্ছিল বলে উদ্ধারকারীরা জানান। পরে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়।
