চট্টগ্রামের মিরসরাইয়ে চাঁদাবাজি ও দস্যুতার অভিযোগে ছাত্রদলের এক কর্মীসহ দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় অপহরণ করে আটকে রাখা এক ব্যক্তিকে উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার (৫ মার্চ) বিকেলে পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতাররা হলেন— বারইয়ারহাট পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের উত্তর সোনাপাহাড় এলাকার মো. আলমগীরের ছেলে সাফায়েত হোসেন শুভ (২৫) এবং কাটাছরা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের উত্তর বামনসুন্দর এলাকার গোলাম রব্বানীর ছেলে রফিকুল ইসলাম সোহেল (৩৭)। সাফায়েত হোসেন শুভ বারইয়ারহাট পৌরসভার ২ নম্বর ওয়ার্ড ছাত্রদলের রাজনীতির সঙ্গে জড়িত বলে জানা গেছে।
পুলিশ জানায়, গত মঙ্গলবার (৩ মার্চ) সকালে উপজেলার জোরারগঞ্জ ইউনিয়নের দক্ষিণ সোনাপাহাড় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মস্তাননগর বিশ্বরোড এলাকায় নাছিমা আক্তার (৪৮) নামে এক নারীকে কৌশলে সিএনজি অটোরিকশায় তুলে নিয়ে যায় দুর্বৃত্তরা। পরে তার হাত ও চোখ বেঁধে দস্যুতার ঘটনা ঘটানো হয়।
ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে রফিকুল ইসলাম সোহেলকে বৃহস্পতিবার বিকেলে অভিযান চালিয়ে গ্রেফতার করা হয়। একইদিন চাঁদাদাবীর ঘটনায় সাফায়েত হোসেন শুভকে গ্রেফতার করে পুলিশ। এ সময় তার হেফাজতে আটকে রাখা জাবেদ উদ্দিন রনিকে উদ্ধার করা হয়। তাকে আটকে রেখে পরিবারের কাছ থেকে চাঁদা দাবি করা হচ্ছিল বলে জানা গেছে।
জোরারগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী নাজমুল হক জানান, ভুক্তভোগী পরিবারের অভিযোগের ভিত্তিতে স্থানীয়দের সহায়তায় অভিযান চালিয়ে দুইজনকে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে আদালতে পাঠানো হয়েছে।
