কার্যক্রম নিষিদ্ধ চট্টগ্রাম উত্তর জেলা যুবলীগের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। এতে মিজানুর রহমান মিজানকে ভারপ্রাপ্ত সভাপতি এবং আব্দুল করিমকে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
শুক্রবার (৬ মার্চ) রাতে বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ এবং সাধারণ সম্পাদক মো. মাইনুল হোসেন খান নিখিলের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। ভারপ্রাপ্ত সভাপতি মিজান আগের কমিটির সহ-সভাপতি ও আব্দুল করিম যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সংগঠনের গঠনতন্ত্রের ধারা অনুযায়ী এই দায়িত্ব প্রদান করা হয়েছে।
এতে আরও বলা হয়, নবনিযুক্ত ভারপ্রাপ্ত সভাপতি ও সাধারণ সম্পাদক সংগঠনের আদর্শ, শৃঙ্খলা ও ঐক্য সুসংহত রেখে তৃণমূল পর্যায়ে দলীয় কার্যক্রম বেগবান করবেন এবং সাংগঠনিক কর্মকাণ্ড জোরদার করে আগামী দিনের রাজনৈতিক চ্যালেঞ্জ মোকাবিলায় কার্যকর ভূমিকা পালন করবেন।
এদিকে, সংগঠনের সকল স্তরের নেতাকর্মীদের নবনিযুক্ত নেতৃত্বের প্রতি একাত্ম সমর্থন জানিয়ে পূর্ণ সহযোগিতা করার নির্দেশনা দেওয়া হয়েছে।
চট্টগ্রাম উত্তর ও মহানগর আওয়ামী যুবলীগের সমন্বয়ক কেন্দ্রীয় যুবলীগ সদস্য নিয়াজ মোর্শেদ এলিট সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করে আওয়ামী যুবলীগের নবনির্বাচিত
ভারপ্রাপ্ত সভাপতি মিজানুর রহমান ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুল করিমকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান। তিনি লিখেন আগামী দিনের চ্যালেঞ্জ মোকাবিলা করতে কেন্দ্রীয় কমিটি যোগ্য নেতৃত্ব নির্বাচন করেছে।
এর আগে ২০২৩ সালে এস এম রাশেদুল আলমকে সভাপতি ও মো. শাহজাহানকে সাধারণ সম্পাদক করে উত্তর জেলা যুবলীগের কমিটি করা হয়েছিল।
