back to top

চট্টগ্রাম বন্দরে ৬ জাহাজ থেকে জ্বালানি খালাস শুরু

পথে আরও ৪টি জাহাজ

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ১১ মার্চ, ২০২৬ ১৩:০৬
[photo_card_and_fontsize]

চট্টগ্রাম বন্দরে থাকা ৬টি জাহাজ থেকে জ্বালানি খালাস শুরু হয়েছে। আরও ৪টি জাহাজ বাংলাদেশের জলসীমায় রয়েছে। এসব জাহাজে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি), তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি), বিভিন্ন ধরনের জ্বালানি তেল ও শিল্পকারখানার কাঁচামাল রয়েছে। গতকাল বুধবার চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, চলতি সপ্তাহের মধ্যে আরো চারটি জাহাজ চট্টগ্রাম বন্দরের জলসীমায় এসে পৌঁছাবে। সব মিলিয়ে আগামী দেড় মাসের সব ধরনের জ্বালানি পাইপলাইনে রয়েছে। তাই দ্রুত সংকটের কোনো শঙ্কা নেই। তবে নাশকতার আশঙ্কা আছে। দেশি-বিদেশি নানান অপশক্তি সংকটের সুযোগে জ্বালানিবাহী জাহাজে নাশকতা চালাতে পারে— এমন শঙ্কা থেকে বহির্নোঙরে অবস্থান করা জাহাজগুলোর বিশেষ নিরাপত্তা চেয়েছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ।
নৌবাহিনী ও কোস্ট গার্ডকে এসব জাহাজের নিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ উদ্যোগ নিতে বলা হয়েছে। কারণ ২০২৪ সালের ৫ আগস্ট গণঅভ্যুত্থানে ফ্যাসিস্ট সরকারের পতনের পর চারটি জ্বালানিবাহী জাহাজে পরপর রহস্যজনক বিস্ফোরণের ঘটনা ঘটে। বর্তমানে সংকটের শঙ্কাকে আরও বাড়িয়ে দিতে এমন নাশকতার চেষ্টা হতে পারে বলে ধারণা বন্দরের বেশ কয়েকজন শীর্ষ কর্মকর্তার।

হারবার অ্যান্ড মেরিন সদস্য কমডোর আহমেদ আমিন আবদুল্লাহ বলেন, দেশের পথে জ্বালানিবাহী চারটি জাহাজের মধ্যে একটি আজ (বুধবার) এবং দুইটি ১২ মার্চ ও ১৪ মার্চ বন্দরের জলসীমায় প্রবেশ করার কথা রয়েছে। জ্বালানিবাহী সব জাহাজকে অগ্রাধিকার বার্থিং সুবিধা দেওয়া হচ্ছে। এ ছাড়া বহির্নোঙরে মাদার ভেসেলের নিরাপত্তায় সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানান তিনি।