গণহত্যা দিবস উপলক্ষে ২৫ মার্চ (বুধবার) সকাল ১১টায় মীরসরাই উপজেলা প্রশাসনের উদ্যোগে এবং উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের অংশগ্রহণে তালবাড়িয়াস্থ বধ্যভূমি স্মৃতিসৌধে শ্রদ্ধাজ্ঞাপন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সোমাইয়া আক্তারের নেতৃত্বে অনুষ্ঠিত এ শ্রদ্ধাজ্ঞাপন কর্মসূচিতে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আলাউদ্দিন কাদের, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার লিয়াকত আলী খাঁন, উপজেলা কৃষি কর্মকর্তা প্রতাপ চন্দ্র রায়, প্রাণিসম্পদ কর্মকর্তা জাকিরুল ফরিদ, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ফেরদৌস চৌধুরী, উপজেলা শিক্ষা কর্মকর্তা ফজলুল কবির, সমাজসেবা কর্মকর্তা সাররিনা লিনা, মুক্তিযোদ্ধার সন্তান কবি ও সাংবাদিক মাহবুব পলাশসহ বীর মুক্তিযোদ্ধারা।
বীর মুক্তিযোদ্ধাদের মধ্যে উপস্থিত ছিলেন নুরুল আফছার, কামাল পাশা, আবু তাহের, ফজলুল হক, কামাল উদ্দিন, হারুনুর রশিদ ও সামছুদ্দিন প্রমুখ।
শ্রদ্ধাজ্ঞাপন শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা সোমাইয়া আক্তার ও উপস্থিত বীর মুক্তিযোদ্ধারা স্মৃতিসৌধ চত্বরে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন ও স্মৃতিচারণ করেন।
এ সময় বক্তারা বলেন, ২৫ মার্চের কালরাত্রি বাঙালি জাতির ইতিহাসে এক বিভীষিকাময় অধ্যায়। পাকিস্তানি হানাদার বাহিনী নিরস্ত্র বাঙালির ওপর নির্মম হত্যাযজ্ঞ চালিয়ে ইতিহাসের এক নৃশংসতম গণহত্যা সংঘটিত করে। শহীদদের এই আত্মত্যাগ জাতিকে স্বাধীনতার পথে এগিয়ে নিতে অনুপ্রেরণা জুগিয়েছে।
তারা আরও বলেন, নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানাতে এবং দেশপ্রেমে উদ্বুদ্ধ করতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। মহান মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে দেশ গঠনে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান বক্তারা।
অনুষ্ঠানে বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী অংশগ্রহণ করেন।
