back to top

ভারত থেকে এল ৫০০০ মেট্রিক টন জ্বালানি তেল

প্রকাশিত: ২৭ মার্চ, ২০২৬ ১৩:৫৯
[photo_card_and_fontsize]

দিনাজপুরের পার্বতীপুর ডিপোতে ভারত থেকে পাঁচ হাজার মেট্রিক টন ডিজেল তেল এসে পৌঁছেছে। একইসঙ্গে জ্বালানি তেল সরবরাহ ঠিক রাখার লক্ষে শুক্রবার ছুটির দিনেও ডিপো খোলা রেখেছে কর্তৃপক্ষ।

শুক্রবার (২৭ মার্চ) বাংলাদেশ-ভারত ফ্রেন্ডশিপ পাইপ লাইনের মাধ্যমে তেল নিয়ে আসার কার্যক্রম সম্পন্ন হয়।

জানা গেছে, গত মঙ্গলবার (২৪ মার্চ) দুপুরে ভারতের আসামে অবস্থিত নুমালিগড় রিফাইনারি কেন্দ্র থেকে পাইপলাইনে দিনাজপুরের পার্বতীপুরে রেলহেড ওয়েল ডিপোতে ৫৭ লাখ লিটার বা পাঁচ হাজার মেট্রিক টন ডিজেল তেল সরবরাহ কার্যক্রম শুরু হয়। প্রায় ৬০ ঘণ্টা পর শুক্রবার সকাল ৬টার দিকে ভারত-বাংলাদেশ ফ্রেন্ডশিপ পাইপলাইন প্রকল্পের রিসিপ্ট টার্মিনালে এসব ডিজেল তেল পৌঁছায়। এরপর সেখান থেকে সাড়ে ৮টার দিকে রিসিপ্ট টার্মিনাল থেকে জ্বালানি রেলহেড অয়েল ডিপোর পদ্মা, মেঘনা ও যমুনা এ তিন কোম্পানিতে এসব তেল সরবরাহ করা হয়।

পার্বতীপুর রেলহেড অয়েল ডিপোর ইনচার্জ আহসান হাবিব বলেন, ভারত থেকে পাইপলাইনে আসা পাঁচ হাজার মেট্রিক টন ডিজেল তেলের চালান সম্পন্ন হয়েছে।

ভারত থেকে এসব তেল আনতে ৪৮ থেকে ৭২ ঘণ্টা পর্যন্ত সময় লাগে। চলতি বছরে তিন ধাপে ১৫ হাজার মেট্রিক টন ডিজেল তেল আনা হলো।  শনিবার আরও সাত হাজার মেট্রিক টন ডিজেল তেল আসার কথা রয়েছে বলেও জানান তিনি।