back to top

চট্টগ্রামে বাড়ছে হাম আতঙ্ক : উপসর্গে আরও দুই শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ০২ এপ্রিল, ২০২৬ ০৯:১৩
[photo_card_and_fontsize]

চট্টগ্রামে হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। গতকাল বুধবার রাতে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। কক্সবাজারের কুতুবদিয়া থেকে আসা শিশুটির বয়স ৯ মাসের কম বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। এ ছাড়া নোয়াখালী থেকে আসা শিশুটিরও বয়স ৯ বছর। এ নিয়ে চট্টগ্রামে হামের উপসর্গ নিয়ে তিন শিশুর মৃত্যু হলো।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল ও সিভিল সার্জন কার্যালয় জানায়, শিশু দুটি এর আগে নগরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি ছিল। অবস্থার অবনতি হলে গতকাল রাতে তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের শিশু নিবিড় পরিচর্যাকেন্দ্রে (পিআইসিইউ) নেওয়া হয়। পরে সেখানে শিশু দুটির মৃত্যু হয়।

এর আগে গত মঙ্গলবার সকালে হামের উপসর্গ নিয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এক শিশুর মৃত্যু হয়। ওই শিশুটিও কক্সবাজার অঞ্চলের। তার বয়স ছয় মাসের কম বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।

জেলা সিভিল সার্জন মো. জাহাঙ্গীর আলম বলেন, হামের উপসর্গ নিয়ে আরও দুটি শিশুর মৃত্যু হয়েছে। তাদের নমুনা পাঠানো হয়েছে।

সিভিল সার্জন কার্যালয়ের সর্বশেষ প্রতিবেদন অনুযায়ী, চট্টগ্রামে গতকাল পর্যন্ত আটজনের শরীরে হামের সংক্রমণ পাওয়া গেছে। তাদের মধ্যে চারজন সুস্থ হয়ে বাড়ি গেছে। এদিন সকাল ১০টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ১৮ জন জেলার সরকারি-বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছে। আর ১১১ জন হামের লক্ষণযুক্ত রোগীর নমুনা ঢাকায় পাঠানো হয়েছে।