প্রধানমন্ত্রীর ঘোষণা অনুযায়ী চট্টগ্রাম ফৌজদারহাট বন্দর সংযোগ সড়কের ডিসি পার্কে ৫৪ প্রজাতির বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। আজ শনিবার এ কর্মসূচির উদ্বোধন করেন চট্টগ্রাম জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা।
এ সময় তিনি বলেন, প্রধানমন্ত্রী সারা বাংলাদেশে ৫ বছরে ২৫ কোটি গাছ রোপণ করার ঘোষণা দিয়েছেন তারই ধারাবাহিকতায় এ মাসে ডিসি পার্কে ১০ হাজার বৃক্ষরোপণ করা হবে। নগরায়ণ ও শিল্পপ্রতিষ্ঠান গড়ে উঠা এবং উন্নয়ন কার্যক্রমে অনেক সময় বৃক্ষ কাটতে হয়েছে। এ বৃক্ষ রোপণের মাধ্যমে সেই বৃক্ষগুলো পুরণে এ উদ্যোগ।
তিনি আরও বলেন, ডিসি পার্ককে একটি আদর্শ পার্ক হিসাবে গড়ে তোলা হবে। এই পার্কের চারপাশে সাজানো থাকবে কৃষ্ণচূড়া, সোনালু ফুল। শীতল সবুজ পরিবেশ পাবে দর্শনার্থীরা। উত্তর পাশে থাকবে ফলের বাগান, পাখ-পাখালির অভয়আশ্রম। বাংলাদেশ একটা প্রাকৃতিক সৌন্দর্যের দেশ তা ফুটে উঠবে এ পার্কে। থাকবে নির্মল সুন্দর বাতাস, স্বাস্থ্য সম্মত পরিবেশ।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. শরীফ উদ্দিন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সাখাওয়াত জামিল সৈকত, সীতাকুণ্ড উপজেলা নির্বাহী অফিসার ফখরুল ইসলাম এবং সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল মামুন প্রমুখ।
