চট্টগ্রামের মিরসরাই উপজেলার বড়তাকিয়া বাজার এলাকায় ঝুঁকিপূর্ণভাবে জ্বালানি তেল সংরক্ষণ করার দায়ে মোর্শেদুল ইসলাম নামে এক ব্যক্তিকে ৩০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
রবিবার (৫ এপ্রিল ২০২৬) অভিযানে দেখতে পান উপজেলার বড়তাকিয়া এলাকার বাসিন্দা মোর্শেদুল ইসলাম (পিতা: খায়রুল ইসলাম) আবাসিক ভবনের গ্রাউন্ড ফ্লোরে অবৈধ ও ঝুঁকিপূর্ণভাবে জ্বালানি তেল মজুদ করে রাখেন। এতে জননিরাপত্তা মারাত্মকভাবে বিঘ্নিত হওয়ার আশঙ্কা ছিল।
ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর সংশ্লিষ্ট ধারা লঙ্ঘনের অপরাধে তাকে ৩০,০০০ (ত্রিশ হাজার) টাকা জরিমানা করা হয়।
মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সোমাইয়া আক্তার এবং উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আলাউদ্দিন কাদের। এ সময় মিরসরাই থানা পুলিশের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
অভিযান সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, জননিরাপত্তা বিঘ্নিত করে এমন কার্যক্রমের বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে এবং এ ধরনের অপরাধের ক্ষেত্রে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।
