চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যা মামলার বাদী আলিফের বাবা জামাল উদ্দিনকে জেরা করেননি প্রধান আসামি চিন্ময় কৃষ্ণ দাশ ব্রহ্মচারীর আইনজীবী। গতকাল বুধবার চট্টগ্রামের দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক মো. জাহিদুল হকের আদালতে বাদীকে জেরার দিন ধার্য ছিল। এদিন চিন্ময় কৃষ্ণ দাশকে ভার্চুয়ালি হাজির করা হলেও আদালতে তার পক্ষে কোনো আইনজীবী ছিলেন না। পরে আদালত আগামী ২৯ এপ্রিল শুনানির পরবর্তী দিন ধার্য করেন।
ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর (পিপি) এস ইউ এম নুরুল ইসলাম বলেন, উপস্থিত আসামি ও পলাতক আসামিদের পক্ষে বাদীকে জেরা করা শেষ হয়েছে। তবে মামলার প্রধান আসামি চিন্ময় কৃষ্ণ দাশের পক্ষে জেরা করা হয়নি। তার পক্ষে কোনো আইনজবীবীও উপস্থিত ছিলেন না। আদালত চিন্ময় দাশের কাছে জেরা বিষয়ে জানতে চাইলে, তিনি বলেছেন আইনজীবীর সাথে আলাপ না করে কিছু বলতে পারবেন না।
নুরুল ইসলাম বলেন, রাষ্ট্রপক্ষে আবেদন ছিল বাদীর জেরা সমাপ্ত ঘোষণা করার। তবে আদালত কোনো আদেশ দেননি। আগামী ২৯ এপ্রিল শুনানির পরবর্তী দিন ধার্য করেছে।
২০২৪ সালের ২৬ নভেম্বর সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাশের জামিন নাকচ করে রাষ্ট্রদ্রোহ মামলায় তাকে কারাগারে পাঠানোর আদেশের পর চট্টগ্রাম আদালত প্রাঙ্গণে প্রিজন ভ্যান ঘিরে বিক্ষোভ করেন তার সমর্থকরা। এ সময় তারা আদালত সড়কে রাখা বেশ কিছু মোটরসাইকেল ও যানবাহন ভাঙচুর করে। এরপর আদালতের সাধারণ আইনজীবী ও কর্মচারীরা মিলে তাদের ধাওয়া করে। ধাওয়া পাল্টা ধাওয়ার মধ্যে রঙ্গম কনভেনশন হল সড়কে আইনজীবী আলিফকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করা হয়। ওই ঘটনায় ২৯ নভেম্বর নগরীর কোতোয়ালি থানায় মামলা করেন আলিফের বাবা জামাল উদ্দিন। ৩১ জনের নাম দিয়ে অজ্ঞাত আরও ১৫/১৬ জনকে মামলায় আসামি করা হয়।
