back to top

চট্টগ্রামে নেচে-গেয়ে যুবককে পিটিয়ে হত্যা, দেড় বছর পর অভিযোগপত্র

এক কিশোরসহ পাঁচ জনেক আসামি

প্রকাশিত: ১৩ এপ্রিল, ২০২৬ ১১:৪৭
[photo_card_and_fontsize]

চট্টগ্রাম নগরীতে ছিনতাইকারী সন্দেহে শাহাদাত হোসেন নামে এক যুবককে নেচে-গেয়ে পিটিয়ে হত্যার ঘটনায় দায়ের করা মামলায় দেড় বছর পর আদালতে অভিযোগপত্র জমা দিয়েছে পুলিশ। গতকাল সোমবার এক কিশোরসহ পাঁচ জনকে আসামি করে এ অভিযোগপত্র দাখিল করেন পাঁচলাইশ থানা পুলিশ।

অভিযুক্তরা হলেন- ফরহাদ আহমেদ চৌধুরী (৪৩), আনিসুর রহমান (২০), মেহেদী হাসান (২৭) ও মো. মাজেদ (২২)। এ ছাড়া ১৬ বছর বয়সী এক কিশোরের বিরুদ্ধে পৃথক দোষীপত্র দেওয়া হয়েছে। অভিযোগপত্রে ২০ জনকে সাক্ষী করা হয়েছে।

মামলার তদন্ত কর্মকর্তা পাঁচলাইশ থানার এসআই এস এম সফিউল আজম মুন্সী তদন্ত শেষে অভিযোগপত্র দাখিল করেন। তিনি জানান, ভিডিও ফুটেজ ও আসামিদের জবানবন্দির ভিত্তিতে নিশ্চিত হওয়া গেছে, ছিনতাইকারী সন্দেহে শাহাদাতকে প্রকাশ্যে বেঁধে রেখে মারধর করা হয়। পরে তার মরদেহ অটোরিকশায় করে ঘটনাস্থল থেকে প্রায় আধা কিলোমিটার দূরে নালার পাশে ফেলে রাখা হয়।

তিনি বলেন, তদন্তে জানা গেছে, সোহান ও আসিফ উল মেজবাহ নামে আরও দুজন এই ঘটনায় জড়িত থাকলেও তাদের পূর্ণাঙ্গ ঠিকানা শনাক্ত না হওয়ায় অভিযোগপত্রে অন্তর্ভুক্ত করা যায়নি। ঠিকানা পাওয়া গেলে সম্পূরক অভিযোগপত্র দেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।

ঘটনার প্রায় এক মাস পর ২০২৪ সালের ২১ সেপ্টেম্বর সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে ২০ সেকেন্ডের একটি ভিডিও। সেখানে দেখা যায়, কয়েকজন তরুণ আঞ্চলিক গান গাইছে, কেউ বাঁশি বাজাচ্ছে। একদল যুবক ‘মধু হই হই আঁরে বিষ খাওয়াইলা’ গানটির সঙ্গে নেচে নেচে উল্লাস করছে। দুই হাত খুঁটিতে বেঁধে এক যুবককে পেটাচ্ছে। মার খেয়ে ভুক্তভোগী যুবকের মাথা ঢলে পড়ে এবং একপর্যায়ে নিস্তেজ হয়ে পড়েন। ভিডিওটি ছড়িয়ে পড়ার চার দিনের মাথায় পুলিশ ফরহাদ, আনিসুর এবং এক কিশোরকে গ্রেপ্তার করে। পরে ওই কিশোর আদালতে জবানবন্দি দিয়ে জানায়, ১৫-২০ জন মিলে ছিনতাইকারী সন্দেহে শাহাদাতকে মারধর করে এবং সেও এতে অংশ নেয়।

নিহত শাহাদাত হোসেন নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার পাঁচবাড়িয়া ইউনিয়নের নদনা গ্রামের বাসিন্দা। তিনি চট্টগ্রাম নগরের কোতয়ালি থানার বিআরটিসি এলাকার বয়লার কলোনিতে বসবাস করতেন এবং ফলমণ্ডির একটি দোকানে কাজ করতেন। অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে, তার বিরুদ্ধে একটি ছিনতাইয়ের মামলা ছিল।