back to top

সিআরবিতে গাছ কেটে হাসপাতাল করতে দেব না : মেয়র শাহাদাত

প্রকাশিত: ১৯ এপ্রিল, ২০২৬ ১১:১৯
[photo_card_and_fontsize]

সিআরবিতে গাছ কেটে হবে না নতুন কোনো স্থাপনা। রেলমন্ত্রী শেখ রবিউল আলমের আশ্বাস পেয়ে এমনই আশা চট্টগ্রাম সিটি করপোরেশন মেয়র ডা. শাহাদাত হোসেনের। আজ রবিবার নগরীর জামালখানে চসিকের এক কর্মসূচিতে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব বলছিলেন মেয়র।

মেয়র বললেন, ‘উনি (মন্ত্রী) বলেছেন, পুরনো যে (রেলওয়ে) হাসপাতালটা আছে, সেটা উনি দেখবেন। প্রয়োজনে সেটার অবকাঠামো ভেঙে কীভাবে সুন্দর করে একটা হাসপাতাল করা যায়, সেটা দেখবেন। এটা আসলে আমাদেরও সময়ের দাবি। যেহেতু এখানে রোগী আসে না, এটা পূর্ণাঙ্গ হাসপাতাল এবং মেডিকেল কলেজ করা যায়। সুতরাং আশা করা যায়, কিছু হলে পুরনো বিল্ডিংয়েই হবে, নতুন করে কোনো স্থাপনা হবে না।’

দৃষ্টিনন্দন সবুজে ঘেরা সিআরবিতে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের আমলে (২০২১ সাল) পাবলিক-প্রাইভেট পার্টনারশিপে নেয়া হয় একটি হাসপাতাল নির্মাণের উদ্যোগ। এর বিরোধিতা করে আন্দোলনে নামেন বিভিন্ন শ্রেণি-পেশার নাগরিক। ৪৮০ দিনের টানা আন্দোলনে তখন বন্ধ হয়ে যায় সেই উদ্যোগ।

বিএনপি ক্ষমতায় আসার পর রেলপথ মন্ত্রী হাসপাতালের জন্য প্রস্তাবিত স্থান পরিদর্শনের ঘোষণার মধ্য দিয়ে সেই প্রকল্প আবার পুনরুজ্জীবিত হয়। আজ বিকেল ৪টায় মন্ত্রীর সেখানে যাবার কথা আছে।