back to top

চট্টগ্রামে ছাদ থেকে ফেলে শিক্ষার্থীকে হত্যার ঘটনায় গ্রেপ্তার ৬

প্রকাশিত: ১৯ এপ্রিল, ২০২৬ ০৮:৩৮
[photo_card_and_fontsize]

চট্টগ্রাম নগরে নির্মাণাধীন একটি আটতলা ভবন থেকে লিফটের গর্তে ফেলে কলেজ শিক্ষার্থী আশফাক কবির সাজিদকে (১৭) হত্যার ঘটনায় এ পর্যন্ত মোট ৬ জনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। শুক্রবার পর্যন্ত এ হত্যাকাণ্ডের ঘটনায় গ্রেপ্তার ছিল ৪ জন। শনিবার রাতে খাগড়াছড়ি ও বাগেরহাট জেলায় অভিযান চালিয়ে এ মামলায় আরও দুই জনকে গ্রেপ্তার করা হয়েছে।

আজ রবিবার র‌্যাব-৭ এর মুখপাত্র সহকারী পরিচালক এ আর এম মোজাফফর হোসেন বলেন, শনিবার দিবাগত রাতে খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলায় ও বাগেরহাট জেলায় র‌্যাব-৭ ও র‌্যাব-৬ এর পৃথক দুটি অভিযানিক দল আরও দুই আসামিকে গ্রেপ্তার করেন।

এরা হলেন- রানা ওরফে মাইকেল রানা ও মো. ইলিয়াস। এদের মধ্যে রানা চট্টগ্রামের সন্দীপ উপজেলার রহমতপুর গ্রামের এবং ইলিয়াস চট্টগ্রাম নগরের চকবাজার থানাধীন দেওয়ান বাজার এলাকার বাসিন্দা।

র‌্যাব-৭’র মুখপাত্র মোজাফফর হোসেন বলেন, গ্রেপ্তার হওয়া দু’জনই হত্যা মামলাটির এজাহারনামীয় তিন ও চার নম্বর আসামি। হত্যাকাণ্ডের পর তারা পলাতক ছিলেন। পরে দু’জনকে সংশ্লিষ্ট থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।