চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ক্যাম্পাসসংলগ্ন এলাকায় বসবাসরত সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে বই বিতরণের মাধ্যমে বিশ্ব বই দিবস উদযাপন করেছে শাখা ছাত্রদল। আজ বৃহস্পতিবার (২৩ এপ্রিল) শতাধিক শিশুর হাতে বই তুলে দেন সংগঠনটির সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ হোসেন হৃদয়।
ছাত্রদলের আয়োজনটি ছিল ব্যতিক্রমী। উৎসবের আনুষ্ঠানিকতা ছাড়িয়ে এটি পরিণত হয় জ্ঞান ভাগাভাগির এক মানবিক উদ্যোগে। ছোট ছোট শিশুদের চোখেমুখে ছিল কৌতূহল আর আনন্দের ঝিলিক; নতুন বই হাতে পেয়ে যেন তারা খুঁজে পেল এক নতুন দিগন্ত।

সাজ্জাদ হোসেন হৃদয় বলেন, বই শুধু কাগজের কিছু পৃষ্ঠা নয়, এটি একটি শিশুর স্বপ্ন দেখার জানালা, নিজের ভাগ্য বদলের শক্তি। মৌলিক চাহিদার অন্যতম হচ্ছে শিক্ষা। অথচ আমাদের দেশে এখনও অনেক শিশু শিক্ষা থেকে বঞ্চিত। রাষ্ট্র যদি একটু যত্ন নেয়, তবে এসব শিশুই হতে পারে আগামীর সম্পদ।
তিনি আরও বলেন, সুবিধাবঞ্চিত শিশুদের মানবসম্পদ হিসেবে গড়ে তুলতে দীর্ঘমেয়াদি পরিকল্পনা ও কার্যকর নীতিমালা প্রয়োজন। তাদের শিক্ষার আওতায় আনতে সরকার ও সমাজের সকল শ্রেণির মানুষের সম্মিলিত উদ্যোগ জরুরি।
অনুষ্ঠানে উপস্থিত অন্যান্য শিক্ষার্থীরাও এ ধরনের উদ্যোগ অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন। তাদের মতে, বইয়ের সঙ্গে শিশুদের বন্ধন তৈরি করা গেলে তা ভবিষ্যতে একটি আলোকিত সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
