back to top

লোহাগাড়ায় মাইক্রোবাস খাদে, দুই বৌদ্ধ ভিক্ষুসহ নিহত ৩

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ২৮ এপ্রিল, ২০২৬ ০৮:২৯
[photo_card_and_fontsize]

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের লোহাগাড়ায় যাত্রীবাহী একটি মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে খাদে পড়ে দুই বৌদ্ধ ভিক্ষুসহ তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও পাঁচজন আহত হয়েছেন।

মঙ্গলবার (২৮ এপ্রিল) সকাল সাড়ে ৮টা থেকে ৯টার মধ্যে উপজেলার চুনতি জাঙ্গালিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে দুজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন— খাগড়াছড়ির মাটিরাঙ্গার বৌদ্ধ ভিক্ষু আগার দায়মা (২৫), সাচিং মারমা (২৪) এবং অপর জন গাড়িচালক বলে জানা গেলেও তার পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

আহতরা হলেন— বৌদ্ধ ভিক্ষু ইন্দ্রাসারা ভিক্ষু (৪৮), নিয়া থিয়া (২৫), আম্রা মারমা (২৮), চায়না প্রু মারমা (৩২) ও চাথুয়া প্রু মারমা (৩৪)। তারা সবাই খাগড়াছড়ি ও মাটিরাঙ্গা এলাকার বাসিন্দা।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে টানা বৃষ্টিতে মহাসড়ক পিচ্ছিল হয়ে পড়লে চট্টগ্রামমুখী মাইক্রোবাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের একটি গাছে সজোরে ধাক্কা খায়। পরে গাড়িটি দুমড়েমুচড়ে পাশের খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই চালকসহ তিনজন নিহত হন।

দুর্ঘটনার পর স্থানীয় লোকজন দ্রুত আহতদের উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে পাঠান। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর বলে জানা গেছে। তাদের লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

আহত ভিক্ষু ইন্দ্রাসারা ভান্তে জানান, রবিবার (২৬ এপ্রিল) পাঁচজন ভিক্ষুসহ মোট সাতজন মাইক্রোবাসে করে কক্সবাজারে বেড়াতে গিয়েছিলেন। মঙ্গলবার ফেরার পথে চুনতি এলাকায় পৌঁছালে বৃষ্টির কারণে সড়ক পিচ্ছিল হয়ে পড়ে। এ সময় গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার শিকার হয়।

খবর পেয়ে লোহাগাড়া ফায়ার সার্ভিসের কর্মী ও চুনতি পুলিশ ফাঁড়ির একটি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান চালায়। লোহাগাড়া ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তারা নিহত তিনজনের মরদেহ উদ্ধার করেন।

লোহাগাড়া ফায়ার সার্ভিস স্টেশনের টিম লিডার রাখাল চন্দ্র রুদ্র জানান, ঘটনাস্থল থেকে তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

দোহাজারী হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) রুহুল আমিন জানান, ঘটনাস্থল পরিদর্শন করে নিহতদের মরদেহ উদ্ধার ও সুরতহাল প্রতিবেদন সম্পন্ন করা হয়েছে। দুর্ঘটনাকবলিত মাইক্রোবাসটিও জব্দ করা হয়েছে।