back to top

চট্টগ্রামে পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ

বকেয়া বেতনসহ তিন দফা দাবি

প্রকাশিত: ০২ মে, ২০২৬ ১১:২৭
[photo_card_and_fontsize]

বকেয়া বেতন, টিফিন বিল ও ওভারটাইমের টাকার দাবিতে চট্টগ্রাম নগরের চান্দগাঁও থানাধীন সিঅ্যান্ডবি মোড় এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন আজিম গ্রুপের কয়েকটি অঙ্গ প্রতিষ্ঠানের শ্রমিকরা। শনিবার (২ মে) বেলা ১১টা থেকে শুরু হওয়া এই অবরোধের ফলে বহদ্দারহাট-কালুরঘাট সড়কের দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। এতে চরম ভোগান্তিতে পড়েন স্কুল-কলেজের শিক্ষার্থী, অফিসগামী মানুষ ও এসএসসি পরীক্ষার্থীরা।

বিক্ষোভে অংশ নেয়া বিপুল সংখ্যক নারী ও পুরুষ শ্রমিক কর্তৃপক্ষের বিরুদ্ধে দীর্ঘদিনের বঞ্চনার অভিযোগ তোলেন। তারা বলেন, দীর্ঘদিন ধরে তাদের ন্যায্য পাওনা পরিশোধ করা হচ্ছে না। ২০২০ সাল থেকে টিফিন বিল বকেয়া রয়েছে। ২০২২ ও ২০২৫ সালের ওভারটাইমের টাকা দেয়া হয়নি। নারী শ্রমিকদের মাতৃত্বকালীন সুবিধাও বঞ্চিত করা হয়েছে বলে অভিযোগ তাদের।

খবর পেয়ে শিল্প পুলিশ ও চান্দগাঁও থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা চালায়। চট্টগ্রাম শিল্প পুলিশের পুলিশ সুপার আব্দুল্লাহ আল মাহমুদ জানান, শ্রমিক ও মালিকপক্ষের মধ্যে বেতনসংক্রান্ত জটিলতা থেকেই এই অসন্তোষের সৃষ্টি হয়েছে। উভয় পক্ষের সঙ্গে যোগাযোগ করে দ্রুত সমাধানের চেষ্টা চলছে এবং সড়কে যানজট নিরসনে পুলিশ সদস্যরা সক্রিয়ভাবে কাজ করছেন।