চট্টগ্রাম নগরীতে সাড়ে ১৭ লাখ টাকা মূল্যের ক্রিস্টাল আইসসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। সোমবার রাতে পাঁচলাইশ থানার ২ নম্বর গেট এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তাররা হলেন- ফটিকছড়ি উপজেলার মো. সেলিমের ছেলে সাজ্জাদুল রহমান সাকিব ও একই উপজেলার মৃত ফজলুর রহমানের ছেলে মো. আবু ফয়সাল। পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানান, উদ্ধার ও জব্দকৃত মাদক ফটিকছড়ি উপজেলার এক ওমান প্রবাসী মাদক কারবারি চক্রের মাধ্যমে ওই স্থানে ক্রয়-বিক্রয় করার জন্য অবস্থান করছিলেন।
মহানগর গোয়েন্দা পুলিশের পরিদর্শক মো. আফতাব হোসেন বলেন, ফটিকছড়ির এক প্রবাসী সরাসরি ওমান থেকে বিভিন্ন কুরিয়ারের মাধ্যমে দেশে এনে বিক্রি করতেন। গ্রেপ্তার দুইজনের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করে আদালতে সোপর্দ করা হয়েছে। এ চক্রের অন্য সদস্যদের ধরতে পুলিশ কাজ করছে বলে জানান তিনি।
