back to top

চট্টগ্রামে এনসিপির ছয় নেতার বিরুদ্ধে সাইবার আইনে মামলা

প্রকাশিত: ২০ মে, ২০২৬ ১৪:৪৯
[photo_card_and_fontsize]

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চট্টগ্রাম মহানগর শাখার সদস্যসচিব আরিফ মঈনুদ্দিনসহ দলটির ছয় নেতার বিরুদ্ধে সাইবার সুরক্ষা আইনে মামলা হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে মানহানিকর ও উসকানিমূলক তথ্য প্রচারের অভিযোগে এ মামলা দায়ের করা হয়।

গতকাল বুধবার চট্টগ্রামের সাইবার ট্রাইব্যুনালে মামলাটি করেন হুজ্জাতুল ইসলাম সাঈদ। মামলার আবেদনে তিনি নিজেকে এনসিপির সহসাংগঠনিক সম্পাদক ও জুলাই আন্দোলনের নেতা হিসেবে উল্লেখ করেছেন। আদালত মামলাটি আমলে নিয়ে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) তদন্তের নির্দেশ দিয়েছেন।

মামলার প্রধান আসামি করা হয়েছে সম্প্রতি ঘোষিত এনসিপির চট্টগ্রাম মহানগর কমিটির সদস্যসচিব আরিফ মঈনুদ্দিনকে। অন্য আসামিদের মধ্যে রয়েছেন- দলের সাংগঠনিক সম্পাদক আশরাফুল হক টিপু, সিনিয়র যুগ্ম সদস্যসচিব হুজ্জাত উল্লাহ আবির, জাতীয় ছাত্র শক্তির সংগঠক সাদিক আরমান, সাবেক যুগ্ম সদস্যসচিব সজীব ভূঁইয়া ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাইনুল হোসেন। মামলায় মোট আটজনকে আসামি করা হয়েছে।

মামলার আবেদনে বলা হয়, আসামিরা সামাজিক যোগাযোগমাধ্যমে বাদীর বিরুদ্ধে মানহানিকর ও বিভ্রান্তিকর পোস্ট দিয়েছেন। এসব পোস্টের মাধ্যমে তার ব্যক্তিগত সুনাম ক্ষুণ্ন করা হয়েছে এবং জনমনে বিভ্রান্তি সৃষ্টি করা হয়েছে বলে অভিযোগ করা হয়।

বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট সাজ্জাদ হোসেন বলেন, আদালত অভিযোগটি গ্রহণ করে পিবিআইকে তদন্তের নির্দেশ দিয়েছেন।

হুজ্জাতুল ইসলাম সাঈদ বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া পোস্টগুলোর স্ক্রিনশট, লিংক ও ডিজিটাল ট্রেইল আদালতে জমা দেওয়া হয়েছে। তিনি আশা প্রকাশ করেন, তদন্তের মাধ্যমে ঘটনার সত্যতা বেরিয়ে আসবে।