back to top

চট্টগ্রাম চেম্বার নির্বাচনে বিজয়ীদের অভিনন্দন জানালেন ফাঈমুল আলম

ব্যবসায়ীদের স্বার্থরক্ষা ও বাণিজ্য সম্প্রসারণে কার্যকর ভূমিকা রাখার প্রত্যাশা

প্রকাশিত: ২৩ মে, ২০২৬ ১৫:৩১
[photo_card_and_fontsize]

চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির দ্বিবার্ষিক নির্বাচনে পূর্ণ প্যানেলে জয় পাওয়া ইউনাইটেড বিজনেস ফোরামের নবনির্বাচিত পরিচালনা পর্ষদকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন দৈনিক চট্টগ্রামের সম্পাদক ও প্রকাশক এবং ওসেন এইড সার্ভিসেস লিমিটেডের পরিচালক এ এইচ এম ফাঈমুল আলম (এফসিএ)।

শনিবার (২৩ মে) বিকেলে দেওয়া এক বিবৃতিতে তিনি বলেন, চট্টগ্রামের ব্যবসায়ী সমাজের প্রত্যাশা ও আস্থার প্রতিফলন ঘটেছে এই নির্বাচনের ফলাফলে। নতুন নেতৃত্ব দায়িত্ব গ্রহণের মাধ্যমে ব্যবসায়ীদের স্বার্থরক্ষা, শিল্পায়ন ও বাণিজ্য সম্প্রসারণে কার্যকর ভূমিকা রাখবে বলে তিনি আশা প্রকাশ করেন।

বিবৃতিতে এ এইচ এম ফাঈমুল আলম বলেন, দেশের অর্থনীতিতে চট্টগ্রামের অবস্থান অত্যন্ত গুরুত্বপূর্ণ। বন্দরনির্ভর অর্থনৈতিক কর্মকাণ্ড, শিল্প খাতের সম্প্রসারণ এবং উদ্যোক্তাদের সক্রিয় অংশগ্রহণের কারণে এই অঞ্চলের ব্যবসায়িক অগ্রযাত্রা জাতীয় অর্থনীতির সঙ্গেও নিবিড়ভাবে সম্পৃক্ত। এ বাস্তবতায় চেম্বারের নতুন নেতৃত্বের সামনে দায়িত্ব ও প্রত্যাশা—দুটিই অনেক বেশি।

তিনি আরও বলেন, ব্যবসা-বাণিজ্যের বর্তমান বাস্তবতায় উদ্যোক্তাদের জন্য সহায়ক পরিবেশ তৈরি, নতুন বিনিয়োগ আকর্ষণ এবং বাণিজ্যিক প্রতিবন্ধকতা দূর করতে চেম্বারের ভূমিকা আরও জোরদার হওয়া প্রয়োজন। একই সঙ্গে ক্ষুদ্র, মাঝারি ও বৃহৎ উদ্যোক্তাদের মধ্যে সমন্বয় বাড়িয়ে টেকসই অর্থনৈতিক উন্নয়নে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

নবনির্বাচিত পরিচালনা পর্ষদ চট্টগ্রামের ব্যবসায়িক সম্ভাবনাকে আরও এগিয়ে নিতে দায়িত্বশীল ও দূরদর্শী নেতৃত্ব দেবে বলেও প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।

বিবৃতির শেষে নবনির্বাচিত পরিচালনা পর্ষদের সার্বিক সাফল্য কামনা করে চট্টগ্রামের ব্যবসা-বাণিজ্যের উন্নয়ন, উদ্যোক্তাদের স্বার্থ সংরক্ষণ এবং বিনিয়োগবান্ধব পরিবেশ গড়ে তুলতে সম্মিলিত উদ্যোগ নেওয়ার আহ্বান জানান এ এইচ এম ফাঈমুল আলম।

এদিকে শনিবার বিকেলে নগরের আগ্রাবাদস্থ ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে ভোট গণনা শেষে নির্বাচনের ফলাফল ঘোষণা করেন নির্বাচন বোর্ডের চেয়ারম্যান মনোয়ারা বেগম।

জানা গেছে, চেম্বারের ১৮ পরিচালক পদে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এছাড়া টাউন অ্যাসোসিয়েশন ও ট্রেড গ্রুপ শ্রেণির ৬ জন পরিচালক বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। ফলে ২৪ সদস্যের পরিচালনা পর্ষদের সব পদই ইউনাইটেড বিজনেস ফোরামের নিয়ন্ত্রণে যায়।

এক যুগ পর চট্টগ্রাম চেম্বারের পরিচালকদের সরাসরি ভোটে নির্বাচিত করা হয়েছে। ২০১৩ সালের পর এই প্রথম ভোটের মাধ্যমে নেতৃত্ব নির্বাচন হয়। এবারের নির্বাচনে মোট ভোটার ছিলেন ৬ হাজার ৭৮০ জন। এর মধ্যে ভোট দিয়েছেন ২ হাজার ৭২৫ জন, যা মোট ভোটারের প্রায় ৪০ শতাংশ।

সাধারণ শ্রেণিতে মোট ৪ হাজার ১ জন ভোটারের মধ্যে ভোট পড়েছে ১ হাজার ৮৪৩টি (প্রায় ৪৬ শতাংশ)। অন্যদিকে সহযোগী শ্রেণিতে ২ হাজার ৭৬৪ ভোটারের মধ্যে ভোট দিয়েছেন ৮৮২ জন (প্রায় ৩২ শতাংশ)। নির্বাচনে মোট ১৭টি বুথে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

চেম্বারে সাধারণ শ্রেণি থেকে ১২ জন, সহযোগী শ্রেণি থেকে ৬ জন এবং টাউন অ্যাসোসিয়েশন ও ট্রেড গ্রুপ থেকে ৬ জনসহ মোট ২৪ সদস্যের পরিচালনা পর্ষদ গঠিত হয়েছে। পরবর্তীতে নির্বাচিত পরিচালকদের ভোটে সভাপতি, জ্যেষ্ঠ সহসভাপতি ও সহসভাপতি নির্বাচিত হবেন।

চেম্বার সূত্রে জানা গেছে, আগামী সোমবার সকাল সাড়ে ১১টায় প্রেসিডিয়াম নির্বাচন অনুষ্ঠিত হবে।