back to top

সীতাকুণ্ডে আবুল খায়ের গ্রুপের এলপিজি গাড়িতে ডাকাতি, চালক আহত

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ২৬ মে, ২০২৬ ০৬:২৩
[photo_card_and_fontsize]

চট্টগ্রামের সীতাকুণ্ডে আবুল খায়ের গ্রুপের মালিকানাধীন একটি এলপিজি (LPG) গ্যাসবাহী গাড়ি ডাকাতির কবলে পড়েছে। এ ঘটনায় গাড়ির চালক জেবুল হক (৫০) গুরুতর আহত হয়েছেন।
রবিবার দিবাগত রাত প্রায় ১২টার দিকে কুমিল্লা থেকে গ্যাস নিয়ে কারখানায় ফেরার পথে সীতাকুণ্ডের বাড়বকুণ্ড মুছা কলোনি এলাকায় এ ঘটনা ঘটে। ডাকাতরা চালকের ওপর হামলা চালিয়ে তার হাতের কব্জির উপরের রগ কেটে দেয়। পরে তার কাছে থাকা নগদ টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেয়।
আহত চালক জেবুল হক মিরসরাই উপজেলার মগাদিয়া ইউনিয়নের আবুতোয়াব এলাকার দরগাপাড়া গ্রামের মৃত আব্দুল লতিফের ছেলে। তিনি বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন।
ডাকাতদের কবল থেকে কোনোমতে বের হয়ে চালক কারখানায় পৌঁছালে সেখানে তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য মেডিকেল সেন্টারে পাঠানো হয়। ডাকাতির শিকার হওয়া গাড়ির নম্বর চট্ট মেট্রো-ঢ ৬১-০১৯৩।
আহত চালক জেবুল হক জানান, ডাকাত দলের সদস্য সংখ্যা ছিল ৪ থেকে ৫ জন। তাদের কয়েকজনের মুখ বাঁধা ছিল। হামলাকারীদের হাতে লোহার রড ও ধারালো ছুরি ছিল। তিনি আরও জানান, এর আগেও একই এলাকায় তার গাড়ির ওপর হামলার চেষ্টা হয়েছিল। তবে সেসময় গাড়ি না থামানোয় তিনি রক্ষা পান।
স্থানীয় সূত্রে জানা গেছে, সীতাকুণ্ডের বাড়বকুণ্ড মুছা কলোনি, রেলস্টেশন সংলগ্ন এলাকা, সাগরিকা পাম্প, সোনালী কটন গেইট, জোড়বটতল, মগপুকুর, এসকেএম জুট গেইট, ইকোপার্ক গেইট, পন্থিছিলা, নুনাছড়া, কুমিরা বাইপাস, সাইনবোর্ড ও শীতলপুর এলাকায় প্রায়ই ছিনতাই ও ডাকাতির ঘটনা ঘটে।
স্থানীয়দের অভিযোগ, মহাসড়কে পুলিশের টহল ও যানবাহন সীমিত থাকায় সংঘবদ্ধ ডাকাতচক্র নিরাপদে অপরাধ কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে। বিষয়টি বিভিন্ন আইনশৃঙ্খলা সভায় আলোচনা হলেও কার্যকর সমাধান হয়নি।
একাধিক সূত্র জানায়, মাদকাসক্ত ও কিশোর গ্যাং এসব অপরাধে জড়িত।