চট্টগ্রামের ফয়’স লেক এলাকার একটি আবাসিক হোটেল থেকে এক নারী ও পুরুষের মরদেহ উদ্ধার করা হয়েছে। পুলিশ জানিয়েছে, নিহতরা স্বামী-স্ত্রী পরিচয়ে চট্টগ্রাম চিড়িয়াখানার সামনে ওই হোটেলটির একটি কক্ষ ভাড়া নিয়েছিলেন। তাদের বাড়ি ব্রাক্ষণবাড়িয়ায়। তারা নগরীর আসকারদিঘির পাড় এলাকায় থাকতেন। গতকাল সোমবার সকালে মরদেহ দুটি উদ্ধার করে পুলিশ।
হোটেলের রেজিস্টারে পুরুষের নাম মোহাম্মদ রিপন (৪৭) উল্লেখ করা হয়েছে। সেখানে তার বাবার নাম মিরাজ আলী এবং মায়ের নাম সাহারা খাতুন লেখা। অন্যদিকে কক্ষ থেকে একটি জাতীয় পরিচয়পত্র (এনআইডি) উদ্ধার করা হয়। ওই এনআইডি কার্ডে নারীর নাম লেখা সোনিয়া (৩০)।
আকবর শাহ থানার পরিদর্শক (তদন্ত) সৈয়দ ওমর বলেন, রবিবার বিকালে রিপন ও সোনিয়া ওই হোটেলে রুম ভাড়া নিয়েছিলেন। রাতে তারা একসাথে খাওয়া দাওয়া করতে দেখা গেছে। সকালে রুমের দরজা খোলা দেখে একজন বয় প্রবেশ করে দেখেন রিপন ঝুলন্ত অবস্থায় এবং সোনিয়া খাঁটে শোয়ানো অবস্থায় ছিলেন। এসময় তার মুখে ফ্যানা ছিল। পরে হোটেল কর্তৃপক্ষের কাছ থেকে খবর পেয়ে পুলিশ দুজনের মরদেহ উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতাল মর্গে পাঠায়। মৃত্যুর রহস্য উদঘাটনে পুলিশ কাজ করছে বলে জানান সৈয়দ ওমর।
